জ্বালানি-দক্ষতায় অর্থায়ন হচ্ছে
জ্বালানি-দক্ষতায় অর্থায়ন বিষয়ে রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ২০টি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)/প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ৬০ জনের অধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্বালানি-দক্ষতায় অর্থায়ন সুবিধা পেতে আগ্রহী এমন ১২০টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এশীয় উন্নয়ন ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) ও টেট্রা টেক যৌথভাবে ‘বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি-দক্ষতায় অর্থায়ন কর্মসূচি’ (বিআইইইএফপি) শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, আইআইডিএফসির চেয়ারম্যান এম মতিউল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান খান, এডিবির বিনিয়োগ-বিশেষজ্ঞ জুলিয়েট লিউসিঙ্ক এবং টেট্রা টেকের পরিচালক রাকেশ কুমার গয়াল উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে জ্বালানি-সংকটের পরিস্থিতিতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১২০টি সম্ভাবনাময় শিল্প-কারখানাকে অর্থায়ন ও কারিগরি সুবিধা দিতে ‘বিআইইইএফপি’ শীর্ষক প্রকল্পটি নেওয়া হয়েছে।
এর আওতায় গঠন করা হয় তিন কোটি ডলারের একটি তহবিল। এর মধ্যে ৬০ লাখ ডলার বরাদ্দ করা হয় আইআইডিএফসির নামে। বিজ্ঞপ্তি।