জ্বালানি দ্রুত পৌঁছাতে তেলবাহী রেলগাড়ির আধুনিকায়ন হচ্ছে
সৈয়দপুরে অবস্থিত দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় এখন ট্যাংক ওয়াগন বা তেলবাহী গাড়ির গতি বাড়ানোর কার্যক্রম জোরেশোরে চলছে।সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা যায়, এখানকার ওয়াগন শপে এরই মধ্যে ৩০টি পুরাতন ট্যাংক ওয়াগনে (বিটিও) ভ্যাকুয়াম ব্রেক সংযোজন করা হয়েছে। এ ছাড়া এ ট্যাংক থেকে দ্রুত তেল খালাসের জন্য বটম ডেলিভারি সিস্টেম চালু করেছেন কারখানার কারিগরেরা। এর ফলে এখন থেকে আর মান্ধাতা আমলের জটিল উপায়ে তেল খালাস করতে হবে না।এসব ট্যাংক ওয়াগনের সব কটিই ব্রডগেজ (বড়) লাইনের। এসব ওয়াগন খুলনার ফুয়েল ডিপো থেকে তেল সংগ্রহ করে তা দেশের বিভিন্ন তেল ডিপোর উদ্দেশ্যে নিয়ে যাবে।সংশ্লিষ্ট রেলওয়ে প্রকৌশলীরা জানান, দীর্ঘদিনের পুরাতন এসব ট্যাংক ওয়াগনে আধুনিক ব্রেক-ব্যবস্থা ছিল না। ভ্যাকুয়াম ব্রেক ব্যবস্থা না থাকায় এগুলোর গতিও ছিল মন্থর। মাত্র ৪০ কিলোমিটার গতিতে চলত এসব ওয়াগন। যে কারণে গন্তব্যে জ্বালানি পৌঁছে দিতে অনেক সময় লাগত। এ অবস্থায় সেচ মৌসুমে দ্রুত কৃষকের কাছে জ্বালানি পৌঁছে দিতে রেলওয়ে কর্তৃপক্ষ ট্যাংক ওয়াগনগুলোতে ভ্যাকুয়াম ব্রেক সংযোজনের উদ্যোগ নেয়। এতে করে ট্যাংক ওয়াগনগুলো এখন দ্বিগুণ গতিতে অর্থাৎ ৮০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে।কারখানার কর্মকর্তারা জানান, প্রতিটি ওয়াগন মেরামতে মাত্র পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে জানান, ‘ডিজেল ও ফার্নেস ওয়েল পরিবহনে ট্যাংক ওয়াগন বিশেষ ভূমিকা রাখছে। আমরা এর গতি বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওয়াগনগুলো আপগ্রেড করার উদ্যোগ নিয়েছি।’