জ্বালানি-বিদ্যুতের সংকটই রপ্তানির বড় বাধা: মুহিত
জ্বালানি ও বিদ্যুতের সংকটের কারণেই দেশের রপ্তানি কর্মকাণ্ড বড় ধরনের বাধার মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, এখন আমাদের রপ্তানির অবস্থা খুবই ভালো। কিন্তু বিদ্যুতের কারণে আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছি না। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে না পারলে নতুন শিল্পকারখানায় সংযোগ দেওয়া সম্ভব হবে না। এতে দেশে শিল্পের প্রসার ঘটবে না বলেও জানান তিনি।গত শুক্রবার সচিবালয়ে প্রণোদনা গুচ্ছবিষয়ক টাস্কফোর্সের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। খবর ইউএনবির।অর্থমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে যাদের বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হচ্ছে। তাদের ব্যর্থতার কারণেই দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে না। অটবি, রহিমআফরোজসহ বিভিন্ন কোম্পানি চুক্তিবদ্ধ হয়েও নির্দিষ্ট সময় বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হয়ে প্রকল্প সমর্পণ করেছে বলে তিনি মন্তব্য করেন। অর্থমন্ত্রী আরও জানান, নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানির জন্য সরকার রপ্তানিকারকদের পাঁচ শতাংশ হারে নগদ প্রণোদনা প্রদান করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা ছাড়া অন্য দেশের বাজারে রপ্তানির ক্ষেত্রে এই প্রণোদনা দেওয়া হবে।অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন টাস্কফোর্সের চেয়ারম্যান এম সাইদুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থ বিভাগের সচিব মোহাম্মদ তারেক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।অর্থমন্ত্রী বলেন, ‘এই পাঁচ শতাংশ অর্থ কোনো নগদ সহায়তা নয়। এটি আলাদা একটি তহবিল করে দেওয়া হবে, শুধু নতুন বাজারে রপ্তানি করার জন্য।’অর্থমন্ত্রী আরও জানান, অর্থ মন্ত্রণালয় থেকে আগামী দুদিনের মধ্যে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হবে। জানা গেছে, নতুন বাজারে রপ্তানির জন্য রপ্তানিকারকেরা মোট তিন বছর এই নগদ সহায়তা পাবেন। প্রথম বছর পাঁচ শতাংশ, দ্বিতীয় বছর চার শতাংশ ও তৃতীয় বছর দুই শতাংশ হারে এই সহায়তা দেওয়া হবে। অর্থমন্ত্রী আরও জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোও পাঁচ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবে। এ জন্য তাদের বিজিএমইএ বা বিকেএমইএ থেকে প্রত্যয়ন লাগবে। সরকার এ বছর দুই হাজার কোটি টাকার যে প্রণোদনাগুচ্ছ ঘোষণা করেছে, তা থেকেই এই অর্থ দেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানান। তবে এই নগদ প্রণোদনা শর্তমুক্ত নয়। যেসব রপ্তানিকারক প্রতিষ্ঠানের পশ্চাৎমুখী সংযোগ শিল্প নেই, তারা এই সুবিধা পাবে না বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন। এ ছাড়া ক্যাপটিভ জেনারেটরের নবায়ন ফির বিষয়টিরও সমাধান হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। মালিকেরা এ ফি দিচ্ছেন না। এটা তাঁদের দিতে হবে না। প্রণোদনা প্যাকেজ থেকেই এ অর্থ পরিশোধ করা হবে বলে জানান মুহিত।ভাড়া-ভবনে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) আরোপ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি শুধু পোশাক শিল্পমালিকদের নয়, বাণিজ্যিক ভবনের মালিকেরাও এতে জড়িত। তাই এটি নিষ্পত্তিতে সময় লাগবে।