জ্বালানি-বিদ্যুৎ খাতের জন্য আইপিও শর্ত শিথিল করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌত অবকাঠামো ও জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের পথ সহজ করা হচ্ছে। এর অংশ হিসেবে এসব খাতের কোম্পানিগুলোর জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছাড়ার বিদ্যমান কিছু শর্ত শিথিল করা হবে। এ জন্য বিদ্যমান আইপিও বিধিমালায় আনা হবে বেশ কিছু সংশোধন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় গতকাল মঙ্গলবার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভুঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি এও জানান যে বিধিমালায় কী কী পরিবর্তন আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বুক বিল্ডিং বিধিমালা সংশোধনের জন্য সম্প্রতি গঠিত একটি কমিটিকে এ বিষয়ে সুপারিশ তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। এসইসির এ সভায় একটি মেয়াদহীন ও দুটি মেয়াদি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দেওয়া হয়েছে। ফান্ডগুলো হচ্ছে যমুনা ব্যাংক ইউনিট ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এনসিসি ব্যাংক ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড। এর মধ্যে প্রথমটি মেয়াদহীন। সম্মিলিতভাবে ফান্ড তিনটির আকার হবে ২৫০ কোটি টাকা। এ ছাড়া সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অভিন্ন সূচক চালুর জন্য নীতিমালা জমা দেওয়ার সময় ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। যমুনা ব্যাংক ইউনিট ফান্ডের আকার ৫০ কোটি টাকা। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। আকার ১০০ কোটি টাকা। এনসিসি ব্যাংক ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের আকার ১০০ কোটি টাকা।