জ্বালানি-সংকট থেকে উত্তরণের দিকনির্দেশনা থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প খাতে জ্বালানি-সংকট ও আসন্ন ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (চট্টগ্রাম চেম্বার) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমপ্রথম আলো: জ্বালানি-সংকটে শিল্প খাত ধুঁকছে বলে আপনারা অভিযোগ করে আসছেন। এ অবস্থা থেকে প্রতিকার কীভাবে সম্ভব বলে মনে করেন?মোরশেদ মুরাদ ইব্রাহিম: চট্টগ্রামের শিল্প-কারখানায় চার বছর ধরে নতুন করে গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে না। ঢাকার চেয়ে চট্টগ্রামে বিদ্যুৎ-সংকটও বেশি। এ কারণে চট্টগ্রামে নতুন করে শিল্পায়ন কার্যত স্থবির হয়ে আছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারকেই ভূমিকা নিতে হবে। এ জন্য ২০১২-১৩ অর্থবছরের বাজেটে নতুন দিকনির্দেশনা দিতে হবে। মনে রাখতে হবে, গ্যাস পাওয়ার আশায় নতুন বিনিয়োগ করেও উৎপাদনে যেতে পারছে না অনেক শিল্প-কারখানা। আবার বিদ্যুৎ-সংকটের কথা চিন্তা করে যাঁরা গ্যাসনির্ভর জেনারেটর আমদানি করেছেন, সংকটের কারণে সেগুলোও চালু করা যাচ্ছে না। এ কারণে একদিকে যেমন বিপুল পরিমাণ বিনিয়োগ করা অর্থ আটকে গেছে, অন্যদিকে তেমনি নতুন করে আর বিনিয়োগও হচ্ছে না। বরং যেসব শিল্প-কারখানা গ্যাসের সংযোগ পায়নি, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে। দেশীয় বিনিয়োগকারীদের যদি এ অবস্থা হয়, তাহলে আমরা কীভাবে বিদেশিদের এখানে বিনিয়োগে উদ্বুদ্ধ করব?প্রথম আলো: চট্টগ্রাম বন্দর তো দেশের প্রধান সমুদ্রবন্দর। আর এই সমুদ্রবন্দর ঘিরে শিল্পায়ন ও ব্যবসার বিস্তার হওয়ার কথা। সেটি কতটুকু হচ্ছে?মোরশেদ মুরাদ: ভৌগোলিকভাবে চট্টগ্রামের গুরুত্ব অনস্বীকার্য। এই বন্দর দিয়ে দেশের সুমদ্রপথে আমদানি-রপ্তানি পণ্যের প্রায় ৯২ শতাংশ পরিবহন করা হয়। তাই এই বন্দর ঘিরে এ অঞ্চলে শিল্পায়নের সুযোগও অনেক বেশি ছিল। অথচ এখানেই উদ্যোক্তারা এখন কোনো প্রকল্প হাতে নিতে পারছেন না, বিনিয়োগ করতে পারছেন না। একটা বড় বাধা তো গ্যাস-বিদ্যুতের সংকট, যা আগেই বলেছি। আরেকটি বড় বাধা হলো চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ঘাটতি। এই ঘাটতি মেটাতে ও সক্ষমতা বাড়াতেও আগামী বাজেটে সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকা উচিত। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ভিত্তিতে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া গেলে বন্দরের সক্ষমতা অনেক বাড়বে। কারণ, আগামী দিনগুলোয় বন্দর দিয়ে প্রতিবেশী দেশের পণ্য পরিবহনের সুযোগ আসছে। তাই বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পশ্চাদমুখী-সংযোগের সুযোগ-সুবিধাও বাড়াতে হবে।প্রথম আলো: আর কোনো সুনির্দিষ্ট বাধা কী আছে, যা শিল্পায়ন ও বাণিজ্যকে ব্যাহত করছে বলে মনে করেন?মোরশেদ মুরাদ: বিনিয়োগে অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থায়নের জন্য ব্যাংকের কাছে ঋণ নিতে যেতে হয়। কিন্তু ঋণের সুদের হার অনেক বেড়ে গেছে। ১৩ শতাংশ সুদের হার বিবেচনা করে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, প্রকল্প শেষ হওয়ার আগে দেখা গেল, সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬-১৭ শতাংশ। কখনো বা ১৯ শতাংশও। এটা তো বিনিয়োগের অন্তরায়। কাজেই সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে এদিকে নজর দিতে হবে। আরেকটি বিষয় হলো প্রাক-জাহাজীকরণ পরিদর্শ (পিএসআই) পদ্ধতি। এই পদ্ধতি বাতিল করা দরকার। শুল্কায়ন পদ্ধতি সহজ করতে এই প্রথা চালু করা হলেও তেমন সুফল পাওয়া যায়নি। কাস্টম হাউসও পিএসআই সংস্থার অনেক প্রতিবেদন অনুসারে শুল্কায়ন করে না। বরং এই পদ্ধতির জন্য ১ শতাংশ মাশুল দিচ্ছেন আমদানিকারকেরা। তা ছাড়া এখন বন্দরে স্ক্যানার মেশিনের মাধ্যমে কনটেইনার পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে। ফলে পিএসআই পদ্ধতি বাতিল হলে সরকারের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে না। পিএসআইকে যে ফি দেওয়া হয়, সেই টাকা দিয়ে কাস্টম হাউসের সক্ষমতা বাড়ালে ব্যবসায়ীরা উপকৃত হবেন বেশি।প্রথম আলো: বাজেটের জন্য আপনারা চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে কতগুলো সুপারিশ করেছেন?মোরশেদ মুরাদ: জাতীয় রাজস্ব বোর্ডে আমরা ১১১টি সুপারিশ পাঠিয়েছি। দেশীয় শিল্প-কারখানাকে অগ্রাধিকার দিয়ে কাঁচামাল ও তৈরি পণ্যের শুল্কহার পুনর্বিন্যাস, শিল্প-কারখানার আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করার বিভিন্ন সুপারিশ এতে আছে। [সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ]