জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুত্ সাশ্রয়ী বাতি ব্যবহারের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুত্-সাশ্রয়ী বাতির ব্যবহার বাড়াতে হবে। এর ফলে জ্বালানির সাশ্রয় যেমন হবে, তেমনি পরিবেশের ক্ষতির প্রভাবও কমিয়ে আনা যাবে। তবে এর জন্য প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি। আর এই কাজটি করতে সরকারের নীতিনির্ধারকদের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাতির দক্ষ ব্যবহার নিশ্চিত করুন, বিদ্যুত্ বাঁচান ও দেশ বাঁচান’ শীর্ষক এক সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা গতকাল শনিবার এসব কথা বলেন। তাঁদের মতে, একটি বড় আকারের বিদ্যুেকন্দ্র যে পরিমাণ বিদ্যুত্ উত্পাদন করতে পারে, দেশব্যাপী সাশ্রয়ী বাতি ব্যবহার নিশ্চিত করা গেলে তার চেয়ে বেশি বিদ্যুত্ বাঁচানো সম্ভব। তাই সরকারের উচিত চলমান বিদ্যুত্ সংকট মোকাবিলায় এদিকে গুরুত্বের সঙ্গে নজর দেওয়া।বিশ্বখ্যাত ইলেকট্রনিকস ব্র্যান্ড ফিলিপসের লাইটিং ও ইলেক্ট্রিক্যাল পণ্যের বাংলাদেশ প্রতিনিধি ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ফিলিপসের গ্লোবাল বিজনেস ইউনিট সিএফএলের বিপণন বিভাগের পরিচালক মার্টেন এফ সি উইলেমসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জার্মানভিত্তিক প্রতিষ্ঠান জিটিজেডের জ্যেষ্ঠ উপদেষ্টা প্রকৌশলী খুরশিদ-উল-ইসলাম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক শামীম আরা হাসান ও জেবুন নাসরিন আহমেদ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ট্রান্সকম ইলেকট্রনিকসের প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক। এ সময় প্রতিষ্ঠানটির জাতীয় বিপণন ব্যবস্থাপক নাফেজুল কাদিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মার্টেন উইলেমসেন বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকট বাড়ছে। সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে জ্বালানির দাম। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব। কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জ্বালানি তথা বিদ্যুত্ ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই দক্ষতার সঙ্গে জ্বালানির ব্যবহার এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। উইলেমসেন বলেন, সারা বিশ্বে উত্পাদিত বিদ্যুতের ১৯ শতাংশই ব্যবহূত হয় বাতি জ্বালানোর কাজে, তাই কেবল বিদ্যুত্-সাশ্রয়ী বাতি ব্যবহারের মাধ্যমেই বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব। এ ধরনের বাতি ব্যবহার বায়ুমণ্ডলে কার্বণ নিঃসরণের পরিমাণও কমিয়ে আনবে। শুধু তাই নয়, সাধারণ বাতির তুলনায় এটি অনেক ব্যয়সাশ্রয়ীও।উদাহরণ হিসেবে তিনি বলেন, ১০০ ওয়াটের একটি সাধারণ বাতিতে বার্ষিক বিদ্যুত্ খরচ ১৫ ইউরো। কিন্তু বিদ্যুত্-সাশ্রয়ী বাতিতে খরচ পড়ে মাত্র তিন ইউরো। তা ছাড়া বিদ্যুত্-সাশ্রয়ী বাতি গড়ে ছয় বছর টিকলেও সাধারণ বাতি টেকে মাত্র এক বছর। তবে এ ক্ষেত্রে গ্রাহককে স্বীকৃত ব্র্যান্ডের বাতি ব্যবহার করতে হবে।খুরশিদ-উল-ইসলাম বলেন, জ্বালানির সংকট রয়েছে এটা ঠিক, তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা জ্বালানির চাহিদা ও জোগানের মধ্যে অসামঞ্জস্য। একটু দক্ষতার সঙ্গে জ্বালানির ব্যবহার করা গেলেই এই অসামঞ্জস্য দূর করা সম্ভব। তিনি বলেন, এই মুহূর্তে একটি বড় বিদ্যুেকন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিলে তা উত্পাদনে যেতে ন্যূনতম চার থেকে পাঁচ বছর লাগবে। মাঝারি আকারের বিদ্যুেকন্দ্রের জন্যও দুই-আড়াই বছর লেগে যাবে। কিন্তু জ্বালানি-সাশ্রয়ী বাতি ব্যবহারের মাধ্যমে সমপরিমাণ বিদ্যুত্ বাঁচাতে দরকার কেবল কার্যকর উদ্যোগ।শামীম আরা হাসান বলেন, সরকার দুই কোটি ৬৫ লাখ বিদ্যুত্-সাশ্রয়ী বাতি সরবরাহের উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুত্ সাশ্রয় হবে। তিনি বলেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জ্বালানির যথেষ্ট মজুদ থাকলেই তার যথেচ্ছ ব্যবহার সম্ভব নয়। পরিবেশের ক্ষতির কথা বিবেচনা করেই সারা বিশ্ব আজ জ্বালানি সাশ্রয়ের দিকে মনোযোগ দিচ্ছে। জেবুন নাসরিন আহমেদ বলেন, কেবল সাশ্রয়ী বাতি ব্যবহারই যথেষ্ট নয়, দরকার গৃহের স্থাপত্যশৈলীর সঙ্গে মিল রেখে বাতির কার্যকর ব্যবহার। যাতে কম বাতি ব্যবহার করেই বেশি সুবিধা পাওয়া যায়।