জ্বালানি-সংকট মোচনের ওপর শিল্পের প্রবৃদ্ধি নির্ভরশীল: এডিবি
চলতি ২০১০-১১ অর্থবছরে দেশের শিল্প খাতে সাড়ে সাত শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন নির্ভর করছে সরকার গ্যাস ও বিদ্যুতের ঘাটতি কীভাবে কাটিয়ে উঠতে সক্ষম হয়, তার ওপর।এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনীতি বিষয়ে তাদের ত্রৈমাসিক হালনাগাদ প্রতিবেদনে এই অভিমত প্রকাশ করেছে। প্রতিবেদনটি গতকাল প্রকাশ করা হয়েছে।এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, সরকার গ্যাস-বিদ্যুতের অব্যাহত ঘাটতি মেটানোকে অগ্রাধিকার দিয়েছে। এ জন্য বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে বড় ধরনের বিনিয়োগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।সরকার যে ভাড়া ভিত্তিতে বিদ্যুৎ কিনছে ও বিদ্যুতের চাহিদা ব্যবস্থাপনার দিকে নজর দিয়েছে, তার প্রভাবে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে মনে করে এডিবি। পাশাপাশি গ্যাসের সংকট নিরসনের জন্য সরকার গ্যাস উত্তোলনের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে।একই সঙ্গে জ্বালানির উৎস বহুমুখী করার জন্য বিদ্যুৎ উৎপাদনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও কয়লা ব্যবহারের যে উদ্যোগ সরকার নিয়েছে, এডিবি তাকে সমর্থন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আবার বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য গ্যাসের অন্যত্র ব্যবহার সীমিত করা হয়েছে।তবে জ্বালানি-সংকট নিরসনের জন্য সরকারের কয়লানীতি দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন বলে এডিবি মনে করে।এডিবির প্রতিবেদনে মূল্যস্ফীতি ব্যবস্থাপনাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, গত অর্থবছর শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার যে ৭ দশমিক ৩০ শতাংশে উন্নীত হয়, তার অন্যতম কারণ হলো মুদ্রা সরবরাহ ও বেসরকারি ঋণ বৃদ্ধি।