জ্বালানি-সংকট সত্ত্বেও শিল্পঋণে উল্লম্ফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি ও অবকাঠামো-সংকটে দেশের শিল্প খাতে যখন শ্লথ অবস্থা চলছে, তখন সামগ্রিকভাবে শিল্প খাতে মেয়াদি ঋণপ্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।শিল্পঋণের এই ব্যাপক বৃদ্ধি ঋণের সদ্ব্যবহারের বিষয়টিকে প্রশ্নের মুখে ফেলেছে। শিল্প খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই ঋণের কতটা প্রকৃতই শিল্প খাতে গিয়েছে, তা নিবিড়িভাবে পর্যালোচনা করা প্রয়োজন।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। এটি অবশ্য প্রাথমিক প্রাক্কলন।আর ২০০৮-০৯ অর্থবছরে মেয়াদি শিল্পঋণ বিতরণের পরিমাণ ছিল ১৯ হাজার ৯৭২ কোটি ৬৯ লাখ টাকা।অর্থাৎ এক বছরের ব্যবধানে শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ বেড়েছে সাড়ে ২৯ শতাংশ।তার আগের বছর অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছরে অবশ্য শিল্প খাতে মেয়াদি ঋণপ্রবাহ ২০০৭-০৮ অর্থবছরের তুলনায় সামান্য কমে গিয়েছিল।যোগাযোগ করা হলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘শিল্প খাতে মেয়াদি ঋণের এই বৃদ্ধি সত্যিই বিস্ময়কর। যেখানে গ্যাস-বিদ্যুতের সংকটে অনেক শিল্প-কারখানা বন্ধ, যেখানে নতুন বিনিয়োগ অনেক কমে গেছে, সেখানে এত টাকা কোথায় গেল তা ভালোভাবে খুঁজে দেখা দরকার।’ফজলুল হক বলেন, নিয়মিত উৎপাদন কার্যক্রম ধরে রাখতে অনেকেই ঋণ নিয়েছে, যা বরাবরই নিয়ে থাকে। কিন্তু সামগ্রিকভাবে শিল্প উৎপাদনের অবস্থা মোটেও সন্তোষজনক নয়। এই অবস্থায় শিল্প খাতের নামে ঋণ নিয়ে তা জমি বা অন্যত্র খাটানো হয়েছে কি না, সেটা চিহ্নিত করা দরকার। যদি সে রকম হয়ে থাকে, তাহলে তা অর্থনীতির জন্য আশঙ্কাজনক বলেও মনে করেন তিনি।এফবিসিসিআইয়ের এই পরিচালক আরও বলেন, সেবা খাতের কোনো কোনো কর্মকাণ্ডে ঋণ দেওয়াকেও শিল্পঋণ হিসেবে দেখানো হচ্ছে কি না, কিংবা পুরো হিসাবের মধ্য কোনো ফাঁক-ফোকর রয়ে গেছে কিনা তাও স্পষ্টভাবে জানা দরকার।নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও অনেকটা একই ধরনের অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, ‘ঋণপ্রবাহ কিছুটা বাড়তে পারে। কারণ, বড় কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখতে ডিজেল জেনারেটর দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। ফলে তাদের ব্যয় বেড়েছে। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ-সংকটে ছোট ও মাঝারি কারখানার বেশির ভাগ বলতে গেলে বসে গেছে। আর সেভাবে নতুন বিনিয়োগও করা হয়নি। তাই এত বেশি হারে শিল্পঋণ বৃদ্ধিটা সন্দেহেরই উদ্রেক করে।’এই ব্যাংক কর্মকর্তা আরও জানান, কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে শিল্প-কারখানার জন্য ঋণ বিতরণ করা হলেও তা অন্য ব্যবসায় খাটানো হয়েছে।মেয়াদি শিল্পঋণের উচ্চ প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের কাছেও প্রশ্ন হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, শিল্প খাতের নামে নেওয়া ঋণ অন্যত্র চলে যাচ্ছে কি না, তা যাচাই করে দেখা হবে।গত মাসে ঘোষিত অর্ধবার্ষিক মুদ্রানীতি বিবৃতিতেও বাংলাদেশ ব্যাংক শিল্পঋণের অন্যত্র ব্যবহারের বিষয়ে তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে। মুদ্রানীতি বিবৃতিতেই বলা হয়েছে, ‘মুদ্রানীতি বিষয়ে স্টেকহোল্ডার মহলগুলোর সঙ্গে পরামর্শ সভার আলোচনায় প্রকাশ পায় যে বিদ্যুৎ ও গ্যাস জোগানের অপ্রতুলতায় উৎপাদন বিঘ্নিত শিল্পপ্রতিষ্ঠানগুলোয় নগদ প্রাপ্তি প্রবাহ হ্রাস পাওয়ায় প্রতিষ্ঠানগুলো কর্মচারীর বেতন-ভাতাদিসহ বিভিন্ন স্থায়ী খরচ নির্বাহে ব্যাংকঋণের অর্থ ব্যবহারে বাধ্য হচ্ছে।’এতে আরও বলা হয়, পল্লি অঞ্চলে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিতরণকৃত ঋণের কিছু অংশ ভোগ্যপণ্য সংগ্রহে ব্যয় হচ্ছে বলে প্রতীয়মান হয়। অন্যদিকে শহরাঞ্চলে বেসরকারি খাতে ঋণের জোগানের কিছু অংশ ভোগ্যপণ্য সংগ্রহে বা মূলধন ও স্থাবর সম্পত্তি বাজারে ফাটকাবাজারি লাভের জন্য ব্যবহার হয়ে থাকতে পারে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, গত অর্থবছরের চার প্রান্তিকের মধ্যে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সবচেয়ে বেশি মেয়াদি শিল্পঋণ বিতরণ করা হয়েছে। এই প্রান্তিকে বিতরণকৃত ঋণের পরিমাণ সাত হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা।অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিতরণকৃত মেয়াদি শিল্পঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার ৪০৩ কোটি ২৩ লাখ টাকা।আবার তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ছয় হাজার ২১২ কোটি ৮৬ লাখ টাকার শিল্পঋণ বিতরণ করা হয়েছে, যা শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) বেড়ে হয়েছে সাত হাজার ৪৮ কোটি ১৩ লাখ টাকা।অন্যদিকে বকেয়া মেয়াদি শিল্পঋণ আদায়ের পরিমাণও গত অর্থবছরে বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১৮ হাজার ৯৮২ কোটি ৭০ লাখ টাকার বকেয়া শিল্পঋণ আদায় করেছে। আর ২০০৮-০৯ অর্থবছরে এই আদায়ের পরিমাণ ছিল ১৬ হাজার ৩০২ কোটি ৪৮ লাখ টাকা।অর্থাৎ এক বছরের ব্যবধানে মেয়াদি শিল্পঋণ আদায়ের ক্ষেত্রে বৃদ্ধি ঘটেছে প্রায় সাড়ে ১৬ শতাংশ।অবশ্য ২০০৭-০৮ অর্থবছরে বকেয়া শিল্পঋণ আদায়ের পরিমাণ ছিল ১৩ হাজার ৬২৪ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে ২০০৮-০৯ অর্থবছরে গিয়ে বকেয়া আদায় সাড়ে ১৯ শতাংশ হারে বেড়েছে।