জ্বালানির ঘাটতি সমস্যা হয়েই থাকবে
বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতির ধারা অব্যাহত থাকলেও চাহিদার তুলনায় জ্বালানির, বিশেষ করে গ্যাসের ঘাটতি গত কয়েক বছরের মতো আগামী অর্থবছরেও সমস্যা হয়েই থাকবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বিলম্বিত হবে। ফলে বিদ্যুৎ উৎপাদনে তেলের ব্যবহার আরও বাড়বে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেটের সঙ্গে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন: সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক যে প্রতিবেদন উপস্থাপন করেছেন, তা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
ওই প্রতিবেদনে অর্থমন্ত্রী বলেছেন, ২০১৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে সঞ্চালিত গ্যাসের পরিমাণ হবে ৩০০ কোটি ৬০ লাখ (তিন হাজার ছয় মিলিয়ন) ঘনফুট। অর্থমন্ত্রীর এই বক্তব্য বাস্তবায়ন করতে হলে আগামী বছরের মধ্যে গ্যাস উত্তোলন বাড়াতে হবে প্রায় ৭০ কোটি ঘনফুট।
কিন্তু সরকারের প্রকাশিত পরিকল্পনায় ৫০ কোটির বেশি বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর মধ্যে বিবিয়ানা ক্ষেত্র থেকে ৩০ কোটি এবং অন্যান্য ক্ষেত্রে খননের পরিকল্পনাধীন উন্নয়ন কূপগুলো থেকে সর্বোচ্চ ২০ কোটি ঘনফুট উত্তোলন বাড়তে পারে। পাশাপাশি এই দুই বছরে সব ক্ষেত্রেই গ্যাসের চাহিদাও বাড়বে।
সে ক্ষেত্রে গ্যাসের সংকট এখনকার মতো দৈনিক ৫০ কোটি ঘনফুট না থাকলেও তার প্রায় কাছাকাছিই থাকবে। ফলে বিদ্যুৎ উৎপাদনে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হবে না। অপরদিকে, আগামী দু-তিন বছরের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কোনো আভাস-ইঙ্গিত অর্থমন্ত্রীর বক্তব্যে মেলে না। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সূত্রগুলোর মতে, ২০২০ সালের আগে বড় কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার সম্ভাবনা নেই।
এই অবস্থায় বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের ব্যবহার আরও বাড়বে। অবশ্য অর্থমন্ত্রীর বক্তৃতায়ও সে কথা বলা হয়েছে। তিনি বলেছেন, তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ২০১২-১৩ অর্থবছরে ছিল ১৬ দশমিক ৫১ শতাংশ। চলতি ২০১৩-১৪ অর্থবছরে তা হবে ১৮ দশমিক ৫০ শতাংশ। এতে যে বিদ্যুতের উৎপাদন মূল্য বাড়বে, তা সমন্বয়ের জন্য হয় বিদ্যুতের দাম বাড়াতে হবে, না হয় সরকারের ভর্তুকি বাড়াতে হবে।
এমন একটি হিসাবও অর্থমন্ত্রী প্রতিবেদনে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে বিদ্যুৎ ঘাটতি কমলেও সরকারের ভর্তুকি বেড়েছে। ২০১১-১২ সালে পিডিবির নিট লোকসান ছিল ছয় হাজার ৩৫০ কোটি টাকা। পরের বছর লোকসান ছিল পাঁচ হাজার ৫৭২ কোটি (একাধিকবার দাম বাড়ানোয়)। ২০১৩-১৪ সালে পিডিবির লোকসান হবে প্রায় ছয় হাজার কোটি এবং তার পরের বছর হবে সাত হাজার ২০০ কোটি টাকা।
এ ছাড়া, অর্থমন্ত্রীর প্রতিবেদনে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের যে পূর্বাভাস ঘোষণা করা হয়েছে, তাও বাস্তবায়নযোগ্য নয়। তিনি যে হিসাব দিয়েছেন, তা ত্রুটিহীন না হলেও, সেই হিসাবে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ৩২০ মেগাওয়াট। চলতি বছরের মধ্যে তা হবে ৩৭০ মেগাওয়াট। আর আগামী বছরের মধ্যে তা ৮০০ মেগাওয়াটে উন্নীত হবে বলে অর্থমন্ত্রী বলেছেন, যা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়।