জ্বালানির সন্ধানে মরিয়া চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর সাগরে চীনের একটি তেলক্ষেত্র
উত্তর সাগরে চীনের একটি তেলক্ষেত্র

ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন এখন মরিয়া হয়ে উঠেছে। কূটনীতির মাধ্যমে হোক আর বিনিয়োগ করেই হোক, দেশটির বিপুল পরিমাণ জ্বালানি চাই-ই। তাই তো জ্বালানির জন্য বৈশ্বিক অনুসন্ধানে নেমেছে দেশটি।
অর্থনীতির বিকাশ, দ্রুত নগরায়ণ, রপ্তানি প্রক্রিয়াকরণ কর্মকাণ্ড বৃদ্ধি, গাড়ি ব্যবহারের প্রতি জনগণের প্রবল ঝোঁক প্রভৃতি কারণে জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চীন এখন আন্তর্জাতিক অঙ্গনে ছুটছে।
সে অনুযায়ী রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দেশটি। বদৌলতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট জি জিনপিং সম্প্রতি ৩০ বছর মেয়াদি গ্যাস চুক্তি সম্পাদনে একমত হয়েছেন।
৪০ হাজার কোটি মার্কিন ডলারের সমমূল্যের গ্যাস সরবরাহের এই চুক্তির ফলে দুই সমাজতান্ত্রিক দেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে সমঝোতা আলোচনার পর চুক্তিটি করল এ দুই সমাজতান্ত্রিক দেশ।
রাশিয়ার সঙ্গে চীনের এই চুক্তিকে অনেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল হিসেবে দেখছেন এবং এতে জ্বালানি ব্যবহারকারী বিশ্বের অন্যান্য দেশের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন।
চুক্তি অনুযায়ী, রাশিয়া ২০১৮ সাল থেকে চীনকে প্রতিবছর তিন হাজার ৮০০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে। এটি হবে চীনের বর্তমান চাহিদার চেয়ে ১৫ শতাংশ বেশি। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ওপর চীনের নির্ভরতা কমবে।
এই চুক্তি রাশিয়ার সঙ্গে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক যেমন জোরদার করবে, তেমনি অনিরাপদ ট্রানজিট রুট দিয়ে ও অস্থিতিশীল দেশগুলো থেকে চীনের আমদানি-নির্ভরতা কমাবে। একই সঙ্গে চুক্তিটি রাশিয়ার জন্যও ফলদায়ক হবে। কারণ, ইউরোপীয় দেশগুলো বিকল্প কোনো দেশ থেকে গ্যাস আমদানি করলে সে ক্ষেত্রে রাশিয়ার জন্য একটি নিশ্চিত রপ্তানি বাজার হিসেবে থাকবে চীন।
বিশ্বে বর্তমানে যেসব দেশে প্রাকৃতিক গ্যাসের আমদানি দ্রুত বাড়ছে, তাদের মধ্যে চীনই জ্বালানির জোগান নেওয়ার ক্ষেত্রে বৈচিত্র্য এনেছে। তারা রাশিয়ার সঙ্গে যেমন চুক্তি করেছে, তেমনি যুক্তরাষ্ট্রেও গ্যাস উত্তোলন খাতে বিনিয়োগ করেছে। একইভাবে দেশটি অস্ট্রেলিয়ায়ও তরল প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিনিয়োগ করেছে। বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকায় চীনের বিনিয়োগ রয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ২০০০ সালে দৈনিক এক কোটি ৯৭ লাখ ব্যারেল ও ২০০৯ সালে প্রায় এক কোটি ৮৮ লাখ ব্যারেল তেল ব্যবহার করত।
চীনে গত বছর দৈনিক এক কোটি ১০ লাখ ব্যারেল জ্বালানি তেল ব্যবহার হয়েছে, যা বিশ্বের মোট ব্যবহারের নয় ভাগের এক ভাগ। অথচ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের তথ্য অনুযায়ী, চীনে প্রতিদিন মাত্র ৪২ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়। এ ছাড়া বর্তমানে বিশ্বে মোট যে পরিমাণ কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তার অর্ধেকটাই করে চীন।
সূত্র: নিউইয়র্ক টাইমস ও ব্লুমবার্গ।