জ্বালানিসাশ্রয়ী গাড়ির ব্যবহার বাড়াতে হবে
বিশ্বব্যাপী এখন ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি (তেল) ও প্রাকৃতিক গ্যাস সাশ্রয়ে জোর প্রচেষ্টা চলছে। সে আলোকে দেশে অত্যাধুনিক প্রযুক্তির হাইব্রিড যানবাহনের ব্যবহার বাড়াতে হবে। কারণ প্রতি এক লিটার ফসিল ফুয়েলে এ ধরনের গাড়ি প্রথাগত যানবাহনের চেয়ে ৮ কিলোমিটার বেশি চলে। আবার ৩৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ কমায়, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যাল ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) তিন দিনব্যাপী কার এক্সপো বা গাড়ি প্রদর্শনী ২০১৬ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত দেন। বারভিডা ও গ্রিনবেল্ট ট্রাস্ট যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। গাড়ি প্রদর্শনী ও গোলটেবিল বৈঠক দুটোই অনুষ্ঠিত হয় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক জহুরুল হক।
এতে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফ। বৈঠকে বারভিডার মহাসচিব মাহবুবুল হক চৌধুরী ও সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু, বিআরটিএর পরিচালক নুরুল ইসলাম, ঢাকা সো-কো-আই জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুল হক, গ্রিনবেল্ট ট্রাস্টের মহাপরিচালক জসিম কাতাবি উপস্থিত ছিলেন।
অধ্যাপক জহুরুল হক বলেন, ‘উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে যানবাহন তিন গুণ বেশি কার্বন নিঃসরণ করছে। এক গবেষণায় দেখেছি, ঢাকা শহরে যানজটের কারণে গাড়ি ৩-৪ কিলোমিটার গতিতে চলে এবং প্রতি লিটার ফসিল ফুয়েল ২ দশমিক ৩২ কেজি কার্বন নিঃসরণ করে। যানবাহনের ধীরগতির কারণে কার্বন নিঃসরণ বেশি হয়।’