জড়িত দেশি-বিদেশি ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভের অর্থ চুরি
রিজার্ভের অর্থ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় ৬০ জন বিদেশি জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। এ ছাড়া কর্তব্যে অবহেলা ও গাফিলতি আছে বাংলাদেশ ব্যাংকের এমন ১০ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। বিদেশিদের মধ্যে ৩০ জন ফিলিপাইনের নাগরিক, ২৩ জন চীনা, সাতজন শ্রীলঙ্কান ও একজন জাপানের নাগরিক রয়েছেন। এ সংখ্যা বাড়তে পারে বলেও তদন্ত সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন।
জানতে চাইলে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম প্রথম আলোকে বলেন, অর্থ চুরির ঘটনায় দেশি-বিদেশি কার কী ভূমিকা ছিল, সে ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে। এতে তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গত ১৫ মার্চ ব্যাংকের যুগ্ম পরিচালক যুবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতপরিচয়
আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। মামলাটির মূল তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। তবে মামলা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল তদন্তে পুলিশকে সহায়তা দিচ্ছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এ তদন্তের সঙ্গে যুক্ত।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সিআইডির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ফিলিপাইনের ৩০ নাগরিকের মধ্যে ব্যাংক কর্মকর্তা, অর্থগ্রহণকারী ও সুবিধাভোগী ব্যক্তিরাও রয়েছেন। চুরির অর্থ ফিলিপাইনের ব্যাংক থেকে বের হওয়ার পর চলে যায় ২৩ জন জুয়াড়ির হাতে। তারা সবাই চীনা নাগরিক। ফিলিপাইনের মানি লন্ডারিং প্রতিরোধ কাউন্সিল (এএমসিএল) সবার নাম-ঠিকানা সিআইডিকে দিয়েছে। এ ছাড়া চুরি হওয়া অর্থ নিয়ে ফিলিপাইনের রিজাল ব্যাংকের (আরসিবিসি) কর্মকর্তারা নিজেদের মধ্যে যেসব কথাবার্তা বলেছেন, তার রেকর্ডও সিআইডির হাতে রয়েছে। আরসিবিসির জুপিটার শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো তদন্ত কমিটির কাছে কথোপকথনের এই রেকর্ড জমা দিয়েছিলেন।

সিআইডির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি করতে মোট ৭০টি ‘পেমেন্ট অর্ডার’ দেওয়া হয়। এর মধ্যে প্রথম আদেশটি গিয়েছিল শ্রীলঙ্কায়। আর ৬৯টি যায় ফিলিপাইনে। প্রথম আদেশটি কেন শ্রীলঙ্কায় গিয়েছিল, সে প্রশ্নের এখনো কোনো জবাব মেলেনি। হ্যাকিংয়ে জড়িত কাউকে ‘ঘুষের’ অর্থ হিসেবে প্রথমে এই অর্থ পরিশোধ করতে চাওয়া হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। শ্রীলঙ্কার একজন দালালসহ সাতজনকে শনাক্ত করেছে সিআইডি।

সিআইডির ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ ব্যাংকের ১০ কর্মকর্তার গাফিলতি ও অবহেলার প্রমাণ পেয়েছেন তাঁরা। এই কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ, ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট বিভাগ, পেমেন্ট সিস্টেম বিভাগ ও ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত। চুরির অর্থ যাদের কাছে গেছে এবং হ্যাকার গ্রুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার যোগাযোগ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকজন কর্মকর্তার সন্দেহজনক যোগাযোগের তথ্য পেয়েছেন তাঁরা। তাঁদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

সিআইডি জানায়, ২০১৫ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে সুইফটের ‘ওয়ান টু ওয়ান’ লাইন ছিল। গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকের লোকাল ইন্টারনেট ব্যবস্থাপনা সুইফটের সঙ্গে যুক্ত করা হয়। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের অন্তত পাঁচ হাজার কম্পিউটার ও ল্যাপটপ সুইফট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। সিআইডি মনে করছে, সুইফট সার্ভার লোকাল ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হওয়াটি ছিল সন্দেহজনক। এ যুক্ততার সুযোগ হ্যাকাররা ব্যবহার করে।

সূত্র জানায়, রিজার্ভ চুরিতে সহায়তাকারী জাপানের সাসাকিম তাকাশি, ফিলিপাইনের মায়া সান্তোস দেগুইতো, ফিলিপাইনের ক্যাসিনো ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানির মালিক কিম অং, অর্থ পাঠানোর প্রতিষ্ঠান ফিলরিমের প্রেসিডেন্ট স্লুইড বাতিস্তা, ফিলিপাইনের ব্যবসায়ী উইলিয়াম গো সো, শ্রীলঙ্কার বেসরকারি সংস্থা শালিকা ফাউন্ডেশনের ছয় পরিচালক গামাজ শালিকা পেরেরা, সানজেবা টিসা বান্দারা, শিরানি ধাম্মর্কি ফার্নান্দো, ডন প্রসাদ রোহিতা, নিশান্থা নালাকা ও ওয়ালাকুরুয়ারাচ্চির ব্যাপারে বিস্তারিত তথ্য তারা পেয়েছে। এসব তথ্য ফিলিপাইন ও শ্রীলঙ্কা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করেনি।

সিআইডি সূত্র জানায়, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তা শেষ করতে আরও সময়ের প্রয়োজন। কত দিন লাগতে পারে, তা-ও এখন নিশ্চিত করে বলতে পারেননি কেউ।