জয়পুরহাট চিনিকলে আখ নেই, মাড়াই বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখ চাষিরা চাহিদামতো আখ সরবরাহ না করায় নির্দিষ্ট সময়ের আগেই জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই বন্ধ হয়ে গেছে। ১২ জানুয়ারি রাত থেকে চিনিকলটি বন্ধ আছে।এবারও চিনিকলটি লোকসানের মুখে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মৌসুমে চিনিকলটিতে ১২ কোটি টাকার লোকসান হয়েছে।চাষিদের অভিযোগ, চলতি মৌসুমে চিনিকলটির কাছে চাষিদের পাওনা ছিল পাঁচ কোটি টাকা। আর চিনিকল কর্তৃপক্ষ জানায়, উৎপাদিত চিনি বিক্রি না হওয়ার আখ চাষিদের পাওনা পরিশোধ করতে পারছে না।জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ প্রথম আলোকে জানান, আখের অভাবে মিলটির আখ মাড়াই বন্ধ হয়ে গেছে। কারণ, চাষিরা বেশি দামে গুড় ব্যবসায়ীদের কাছে আখ বিক্রি করে দিয়েছেন। গুড় ব্যবসায়ীদের কাছে নগদ মূল্য পাওয়ায় চিনিকলে আখ সরবরাহ করতে উৎসাহী নন চাষিরা।চিনিকল সূত্র জানায়, চলতি মৌসুমে (২০১১-১২ অর্থবছরে) ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জয়পুরহাট চিনিকল ২৫ নভেম্বর উৎপাদনে যায়। কিন্তু আখের অভাবে ৬৩ হাজার ৯১ টন আখ মাড়াই করা হয়। তা থেকে চিনি উৎপাদিত হয় মাত্র চার হাজার ২৯৪ টন। অথচ এবারের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার টন। অর্থাৎ এক হাজার ৭০৬ টন চিনি কম উৎপাদিত হয়েছে।জানা যায়, বাজারে গুড়ের দাম বেশি হওয়ায় চিনিকল এলাকার অনেক চাষি গুড় ব্যবসায়ীদের কাছে বেশি দামে আখ বিক্রি করেছেন। চিনিকলে আখের মূল্য যেখানে ১০০ টাকা মণ, সেখানে গুড় ব্যবসায়ীরা দিচ্ছেন ১২০ টাকা। এবার চিনিকল এলাকায় ১০ হাজার ৩৪ একর জমিতে আখের চাষ হয়েছিল।