জয়পুরহাট চেম্বারে প্রশাসক নিয়োগ
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাণিজ্য সংগঠন অধ্যাদেশের ক্ষমতাবলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) চেম্বারে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, প্রশাসক বিধিমোতাবেক দৈনন্দিন কাজ পরিচালনা করবেন। এ ছাড়া তিনি ১৫০ দিনের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন। জয়পুরহাট চেম্বার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার শহরের চেম্বার ভবনে জয়পুরহাট চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন লেবু জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর হাসান ভূঁইয়ার কাছে চেম্বারের দায়িত্বভার হস্তান্তর করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের লিখিত আদেশে তিনি চেম্বারের সভাপতির দায়িত্বভার হস্তান্তর করেন। চেম্বারের বিরাজমান পারস্পরিক দ্বন্দ্ব ও অন্তঃকলহের কারণে কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, এ জন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক নিয়োগের আদেশ দেয়। জয়পুরহাট চেম্বারের সচিব মো. মমতাজ উদ্দিন প্রথম আলোকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক ও উপসচিব মো. তানকীন হক সিদ্দিকী স্বাক্ষরিত আদেশবলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর হাসান ভূঁইয়া জয়পুরহাট চেম্বারের দায়িত্বভার বুঝে নিয়েছেন।জয়পুরহাট চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন লেবু জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে প্রশাসকের কাছে তিনি গতকাল মঙ্গলবার চেম্বারের ক্ষমতা হস্তান্তর করেছেন।