জয়পুরহাট চেম্বারের ভোট বাতিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আরবিট্রেশন ট্রাইব্যুনাল বিধিবহির্ভূতভাবে ভোটার তালিকা তৈরি করার অভিযোগে জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করেছে। সেই সঙ্গে নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল।জানা গেছে, ২৩৮ জনকে বিধিবহির্ভূতভাবে ভোটার করা হয়েছে বলে জয়পুরহাট চেম্বারের ক্ষুব্ধ একটি পক্ষ এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ করে। এর ওপর শুনানি শেষে আরবিট্রেশন ট্রাইব্যুনাল ২৩৮ জন ভোটারকে অবৈধ ও নির্বাচনী তফসিল বাতিল ঘোষণা করে।জয়পুরহাট চেম্বার সূত্রে জানা গেছে, এবারের নির্বাচন সামনে রেখে সাধারণ গ্রুপে ৪৬২ জন ও সহযোগী গ্রুপে ১২৭ জনকে ভোটার করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ৬ ফেব্রুয়ারি।জয়পুরহাট ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী জোট নামে দুটি পৃথক প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামে। এর মধ্যে সাধারণ গ্রুপ থেকে ১২ জন ও সহযোগী গ্রুপ থেকে ছয়জন মিলিয়ে মোট ১৮ জন প্রার্থী নির্বাচিত হওয়ার কথা। সে অনুযায়ী উভয় প্যানেল থেকে ১৮ জন করে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৬ জন।এদিকে সম্মিলিত ব্যবসায়ী জোটের সাধারণ গ্রুপের প্রার্থী নূর মোহাম্মদ আজাদ বিধিবহির্ভূতভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে বলে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আরবিটেশন ট্রাইব্যুনাল ২৩ জানুয়ারি জয়পুরহাট চেম্বারের সভাপতি ও নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ৪৬২ জন ভোটারের মধ্যে ২৩৮ জনকে অবৈধ ঘোষণা করে। এর পাশাপাশি অবশিষ্ট ভোটারদের নিয়ে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।জয়পুরহাট চেম্বারের নির্বাচন কমিশনার কে এম লায়েক আলী প্রথম আলোকে জানান, ২৩৮ জন ভোটার অবৈধ হওয়ায় আবার নতুন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন নির্বাচনী তফসিল বাতিলের কথা স্বীকার করে বলেন, আরবিট্রেশন ট্রাইব্যুনালের আদেশ হাতে পেলেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।