জয়পুরহাটে পোলট্রিশিল্পে ধস, শঙ্কায় খামারিরা

অব্যাহত রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে উত্তরাঞ্চলীয় জেলা জয়পুরহাটের পোলট্রিশিল্প বিপর্যয়ের মুখে পড়েছে।
উদ্যোক্তাদের দাবি, বর্তমানে সোনালি জাতের মুরগি ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ বাচ্চার দাম, খাবার, ওষুধ ও শ্রমিকদের মজুরিসহ সোনালি জাতের এক কেজি মুরগির মাংস উৎপাদনে খরচ পড়ে ১৬০ থেকে ১৬৫ টাকা। কেজিপ্রতি ৪০-৪৫ টাকা লোকসানে বিক্রি করেও তেমন ক্রেতা পাওয়া যাচ্ছে না। এতে তাঁরা ব্যাপক লোকসান ও পোলট্রিশিল্পে ধসের আশঙ্কা করছেন।
জেলা পশুসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এই জেলার পাঁচটি উপজেলায় বর্তমানে নিবন্ধিত পোলট্রি ফার্ম বা মুরগির খামার রয়েছে এক হাজার ৪৫৭টি। এ ছাড়া অনিবন্ধিত খামার আছে আরও সাড়ে ছয় হাজার।
জেলা শহরের সবুজনগরের শাহ ভান্না পোলট্রি খামারের মালিক মাঈদুল হক চার হাজার মুরগি বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা এবং সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের বিসিমল্লাহ পোলট্রি খামারের মালিক আলমগীর হোসেন তিন হাজার মুরগিতে ৯০ হাজার টাকা লোকসান দিয়েছেন।
আক্কেলপুর উপজেলার পালসা গ্রামের লুবনা পোলট্রি খামারের মালিক হেলাল উদ্দীন জানান, তাঁর খামারে সোনালি জাতের দুই হাজার মুরগি আছে, যেগুলো এখন বিক্রি করলে ৫০-৬০ হাজার টাকা লোকসান হবে।
কৃষাণ পোলট্রি অ্যান্ড হ্যাচারির মালিক আখতার হোসেন জানান, খামারমালিকদের বড় লোকসান দিয়ে মুরগি বিক্রি করতে হচ্ছে।
রিলায়েন্স পোলট্রি অ্যান্ড হ্যাচারির মালিক ও সাবেক চেম্বার সভাপতি বেলায়েত হোসেন জানান, জয়পুরহাট জেলায় ১০-১২ বছরে পোলট্রিশিল্পে ছয়-সাত হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, যা হরতালের কারণে শঙ্কার মুখে রয়েছে।
জয়পুরহাটের প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোস্তম আলীও জানান, দাম কমে যাওয়ায় খামারিরা লোকসানের মুখে পড়েছেন।