ঝালকাঠি চেম্বারের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে ঝালকাঠি চেম্বার অব কমার্সের নির্বাচন ১৫ দিন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চেম্বারের সাধারণ সদস্য মো. আবুল কালাম বাদী হয়ে গতকাল বুধবার ঝালকাঠির সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে বিচারক এ এম রেজা জাকের নির্বাচন স্থগিতের আদেশ দেন।মামলার বিবাদীরা হলেন চেম্বারের প্রশাসক ও ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিয়ার মোহাম্মদ, নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ঝালকাঠির এনডিসি মিজানুর রহমান, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম ডি আবদুস সালাম এবং নির্বাচনে দুজন সদস্য পদে প্রার্থী যথাক্রমে মো. জালাল আহম্মেদ ও ফেরদৌস আহমদ কোরেশী।সংশ্লিষ্ট সূত্রমতে, বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী চেম্বার অব কমার্সের কার্যকরী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার কমপক্ষে ১৫ দিন আগে পরবর্তী কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। নির্বাচন করতে ব্যর্থ হলে কার্যকরী কমিটির কেউ পরবর্তী ছয় বছরের জন্য কোনো বাণিজ্যিক সংগঠনের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কিন্তু ঝালকাঠি চেম্বারের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২০০৭ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। ওই কমিটির দুই সদস্য যথাক্রমে মো. জালাল আহম্মেদ ও ফেরদৌস আহমদ এবারের নির্বাচনে প্রার্থী হন। এর জের ধরেই বাদী আদালতে যান।