ঝুঁকি মোকাবিলা করা গেলে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন সম্ভব
বেশ কয়েকটি ঝুঁকির আশঙ্কা এবং তা মোকাবিলা করতে পারলে লক্ষ্যমাত্রা অনুসারে প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।জাতীয় বাজেটে চলতি ২০১১-২০১২ অর্থবছরে মোট দেশজ উৎ পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ শতাংশ। এডিবি বলছে, গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় এই প্রবৃদ্ধি অর্জন খুব একটা অসম্ভব হবে না।তবে মুদ্রানীতির কার্যকর প্রয়োগ, পরিকল্পনামাফিক বিদেশি বিনিয়োগ আকর্ষণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, শিল্প খাতে ব্যবহারের জন্য বিদ্যুতের উৎ পাদন বাড়ানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে চলতি অর্থবছরের বড় ঝুঁকি।এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১২ আপডেট প্রকাশ করতে গিয়ে এডিবির স্থানীয় কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানান। রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়।সম্মেলনে প্রতিবেদনটির সারসংক্ষেপ তুলে ধরেন সংস্থাটির জ্যেষ্ঠ বিশেষজ্ঞ মুহাম্মদ জাহিদ হোসেন। তিনি জানান, উন্নয়নশীল এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো। গত অর্থবছরে দেশটিতে পূর্বাভাসের চেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে।এডিবি পূর্বাভাস দিয়েছিল, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে। কিন্তু প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ।কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের পক্ষে যুক্তি দিয়ে এডিবি বলছে, মূল্যস্ফীতি কমানো এবং আমদানি চাহিদা সীমিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে। সরকার জ্বালানি ও সারের দাম পুনর্নির্ধারণের মাধ্যমে ভর্তুকির পরিমাণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রতিবছরই বাংলাদেশের রপ্তানি থেকে আয় বাড়ছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণও বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মানুষের আয়ও।মূল্যস্ফীতি পরিস্থিতি মূল্যায়ন করে এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রবৃদ্ধির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি। ২০১১-১২ অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ। আগের অর্থবছরে এই হার ছিল ৮ দশমিক ৮ শতাংশ। সংস্থাটি বলছে, বর্তমানে যে হারে মানুষের কাছে নগদ অর্থ ও ঋণ যাচ্ছে, সেই প্রবাহ কিছুটা কমানো গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।এডিবির আউটলুক অনুযায়ী, বর্তমানে দেশে শিল্প খাতের প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ হলেও ২০১১-১২ অর্থবছরে তা বেড়ে দাঁড়াতে পারে ৮ দশমিক ৮ শতাংশ। দেশের অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ও কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠার কারণে এই খাতে প্রবৃদ্ধি বাড়তে পারে। সেবা খাতের প্রবৃদ্ধিও দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ৬ দশমিক ৮ শতাংশে। এদিকে পর পর দুই বছর সফলভাবে প্রবৃদ্ধি অর্জনের পর চলতি অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি কিছুটা কমবে বলে মনে করছে সংস্থাটি। আগের বছর যেখানে প্রবৃদ্ধি হয়েছিল ৫ শতাংশ, এবার তা কমে দাঁড়াতে পারে ৪ দশমিক ৬ শতাংশে।দেশের রাজস্বনীতিকে সম্প্রসারণমূলক উল্লেখ করে এডিবি বলছে, সরকারের মোট ব্যয় বাড়বে ২৫ দশমিক ৮ শতাংশ। রাজস্ব আয়ের বড় ধরনের সাফল্যের পরও বাজেট ঘাটতি জিডিপির পাঁচ শতাংশের মধ্যে থাকবে। গত অর্থবছরের চেয়ে তা দশমিক ৬ শতাংশ বেশি। এই ঘাটতির ৩ শতাংশ দেশের অভ্যন্তরীণ খাত থেকে এবং বাকিটা বৈদেশিক খাত থেকে মেটানো হবে। যদিও সরকারের নীতিগুলো জিডিপির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে; তার পরও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় থাকা জরুরি বলে মনে করে এই সংস্থা।বহিঃখাতের বিষয়ে এডিবি বলছে, চলতি অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি হতে পারে ১৫ শতাংশ। বহু প্রবাসী বাংলাদেশি সে দেশ ছেড়ে চলে আসায় রেমিট্যান্স (প্রবাসী-আয়) প্রবাহের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তার পরও রেমিট্যান্সের প্রবৃদ্ধি হতে পারে ১২ শতাংশ। তবে এই প্রবাসী-আয় দিয়ে বাণিজ্য ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না বলে মনে করছে এডিবি। অন্যদিকে সংস্থাটি বলছে, এই সময়ে আমদানি ব্যয় প্রায় ২০ শতাংশ বাড়তে পারে।পদ্মা সেতুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর থেবাকুমার কান্দিয়াহ বলেন, ‘অনেক বিনিয়োগ, অনেকগুলো পক্ষ জড়িত, নির্মাণ সময় সাপেক্ষ—সব মিলিয়ে পদ্মা সেতু প্রকল্পটি একটি জটিল প্রকল্প। তবে বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তাই আমরা চাই না, কারও কারণে এই প্রকল্পের কাজে দেরি হোক।’ তবে কী কারণে এই সেতু নির্মাণের কাজ দেরি হচ্ছে, কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে যুক্তিযুক্ত বক্তব্য দেওয়ার মতো যথেষ্ট তথ্য আমার কাছে নেই।’