ঝুঁকি রোধে বিশেষ তহবিল চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাক খাতের সংকটময় পরিস্থিতি ও ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিল গঠনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে এই খাতের জন্য একটি একক নিয়ন্ত্রক সংস্থা গঠনের পরামর্শও এসেছে।রাজধানীতে গতকাল ‘কারখানায় দুর্ঘটনা ও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় এসব সুপারিশ করা হয়। বণিক বার্তা ও ফিনএক্সেল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।এতে আলোচকেরা শ্রমিক ও মালিকের স্বার্থরক্ষার ওপর জোর দেন। তাঁরা মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে মজুরি সমন্বয়, কারখানায় দুর্ঘটনা সৃষ্টে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং পোশাকের ন্যায্য দাম দিতে ক্রেতাদের ওপর চাপ প্রয়োগের পক্ষে মত দেন।বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সমাপনী বক্তব্য দেন ফিনএক্সেলের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।আলোচনায় শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার কেন্দ্রীয়ভাবে তহবিল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনসহ সামাজিক নিরাপত্তা দেওয়া যাবে। তিনি কারখানায় অংশগ্রহণমূলক ট্রেড ইউনিয়নের সুপারিশ করেন।বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা ঘটলে ঢালাওভাবে সমালোচনা করা হয়। কিন্তু এসব ঘটনা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, রোধের উপায় কী, সেটি নিয়ে কম আলোচনা হচ্ছে।সাবেক সভাপতি সফিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় কারখানায় আগুন লাগছে, আবার কিছু কারখানায় নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। ন্যূনতম মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইকতেদার আহমেদ ক্রেতাদের ওপর চাপ তৈরি এবং আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান তুলে ধরতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের স্বেচ্ছায় কাজ করতে চাওয়ার উদ্যোগকে সমর্থন দিতে সবার প্রতি আহ্বান জানান।