রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় ঝুঁকিপূর্ণ কলকারখানা ও কারখানা ভবন চিহ্নিত করতে রাজউক, বুয়েট, বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিদের একটি কোর কমিটি করা হয়েছে।এ ছাড়া রাজউকবহির্ভূত এলাকার ঝুঁকিপূর্ণ কলকারখানা খুঁজে বের করতে শ্রমমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। ঝুঁকিপূর্ণ কারখানা ভবন চিহ্নিত করতে বিজিএমইএ একটি সেলও খুলছে। এ জন্য ১০ জন প্রকৌশলী নিয়োগ দিতে যাচ্ছে সমিতি। বিজিএমইএ ভবনে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সমিতির সভাপতি আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদ ফজলুল আজিম, সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুছ, সফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ। বিফ্রিংয়ে জানানো হয়, রানা প্লাজার পাঁচ পোশাক কারখানার শ্রমিকদের বেতন চলতি মাসের ৭ তারিখের মধ্যে দেওয়া হবে। এ জন্য বিজিএমইএ শ্রমিকদের তালিকা তৈরির কাজ করছে।এতে আরও জানানো হয়, রাজউকের চেয়ারম্যান নুরুল হুদাকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কোর কমিটির অন্য সদস্যরা হলেন বুয়েটের পূরকৌশল বিভাগের প্রধান মুজিবুর রহমান, সাংসদ ফজলুল আজিম, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। এ জন্য রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নানকে আহ্বায়ক করে একটি কারিগরি কমিটি করা হয়েছে। আতিকুল ইসলাম বলেন, ‘কাল (আজ শুক্রবার) থেকে কমিটি কাজ শুরু করবে।’ পরে ইন্টারকো ফ্যাশনসের শ্রমিক-কর্মচারীরা এক দিনের বেতন বাবদ এক লাখ ৮৫ হাজার টাকা সমিতির সভাপতির হাতে তুলে দেন। এ ছাড়া ইন্টারকো ডিজাইন দুই লাখ, পারফেক্ট ফ্যাশন এক লাখ, আল-মুসলিম গ্রুপ ১০ লাখ, আজমত ফ্যাশনস চার লাখ, ফার ইস্ট ড্রেসেস তিন লাখ এবং জেড-থ্রি কম্পোজিটের শ্রমিক-কর্মচারীরা তিন লাখ টাকার চেক দেন।