ঝুঁকিপূর্ণ তালিকা থেকে রক্ষা পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কয়েক বছরে ছয়টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করেছে বাংলাদেশ। মামলা করা হয়েছে একাধিক সন্ত্রাসী সংগঠনের নামে। এ তৎপরতা সম্প্রতি আরও বেড়েছে। পাশাপাশি অবৈধ অর্থায়ন ও সন্ত্রাসী তৎপরতা বিষয়ে আন্তর্জাতিকভাবে তথ্য আদান-প্রদানও হয়েছে। বাংলাদেশ পাচার করা টাকা ফেরত আনার সাফল্য দেখিয়েছে। আবার বিদেশ থেকে অবৈধভাবে আনা টাকাও ফেরত পাঠিয়েছে। সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে তথ্য আদান-প্রদানে প্রণয়ন হয়েছে আইনও। এর ফলে উন্নতি হয়েছে দুটি মানদণ্ডের।
আর এতে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যাওয়া থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) বার্ষিক সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে এপিজির বার্ষিক সভা। যদিও এপিজি তাদের খসড়া মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে ঝুঁকিপূর্ণ দেশে যাওয়ার বার্তা দিয়েছিল। এপিজি হচ্ছে ‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন’ বিষয়ে মানদণ্ড নির্ধারণকারী সংস্থা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। তিনি এপিজির সভায় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রথম আলোর পাঠানো খুদে বার্তার জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ দুটি মানদণ্ডে উন্নতি করতে পেরেছে। ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যাওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছিল, তা থেকে রক্ষা পেয়েছে। বাংলাদেশের জন্য এটা এক বড় অর্জন।’
জানা গেছে, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১১টি মানদণ্ড রয়েছে। এ ১১টি মানদণ্ডের মধ্যে যদি কোনো দেশ নয় বা তার অধিক মানদণ্ডে ‘নিম্ন ও মধ্যম মানে’ থাকে, তাহলে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপ (আইসিআরজি) ভুক্ত হবে। আর যদি কোনো দেশ আট বা তার কম মানদণ্ডে ‘নিম্ন ও মধ্যম মানে’ থাকে, তাহলে সে ক্ষেত্রে দেশটি বিশ্বজনীন আন্তসরকার সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) মানদণ্ড পূর্ণভাবে বাস্তবায়নকারী দেশের তালিকায় চলে যায়। বাংলাদেশ ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি আইসিআরজি প্রক্রিয়া থেকে বের হয়ে এফএটিএফ পূর্ণভাবে বাস্তবায়নকারী দেশের তালিকাভুক্ত হয়।
তবে এপিজির তৃতীয় পর্বের খসড়া মূল্যায়ন প্রতিবেদন জানিয়েছিল, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন-সংক্রান্ত ১১টি মানদণ্ডের মধ্যে বাংলাদেশ একটি বাদে বাকি সবগুলোতে নিম্ন ও মধ্যম মানে ছিল। খসড়া মূল্যায়নে ১১টি মানদণ্ডের মধ্যে বাংলাদেশ একটিতে শক্তিশালী, পাঁচটিতে মধ্যম ও পাঁচটিতে নিম্ন মান ভুক্ত করা হয়েছে। শুধু ১১ নম্বর মানদণ্ডে শক্তিশালী অবস্থানে ছিল।
এপিজির বার্ষিক সভায় বাংলাদেশ ২ ও ৯ নম্বর মানদণ্ডে উন্নতি করে শক্তিশালী অবস্থান নেয়।
এই ২ নম্বর মানদণ্ডটি মান নির্ণয়ে বিবেচ্য বিষয় হলো—আন্তর্জাতিকভাবে সঠিক তথ্য আদান-প্রদান, আর্থিক গোয়েন্দা কার্যক্রম, সন্ত্রাসী ও তাদের সম্পদের বিষয়ে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ প্রয়াত আরাফাত রহমান কোকোর পাচার করা টাকা ফেরত এনে সাফল্য দেখায়। লন্ডন থেকে অবৈধভাবে আনা একজনের টাকা ফেরত পাঠায় বাংলাদেশ। সন্ত্রাসী তৎপরতা বিষয়ে আন্তর্জাতিক তথ্য আদান-প্রদানের জন্য আইনও করে বাংলাদেশ ব্যাংক।
৯ নম্বর মানদণ্ডের মান নির্ণয়ে বিবেচ্য হলো সন্ত্রাসে অর্থায়ন তদন্ত ও অর্থায়নকারীকে আইনের আওতায় আনা। গত কয়েক বছরে বাংলাদেশের জেএমবি, জেএমজেবি, শাহাদাত-ই-আল হিকমা, হরকাতুল জিহাদ, হিযবুত তাহ্রীর ও আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করে। মামলা দায়ের করে আইনের আওতায় আনা হয় আরও একাধিক জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে। এ ছাড়া সাম্প্রতিক জঙ্গি তৎপরতা দক্ষভাবে মোকাবিলা করে বাংলাদেশ। ব্যাংক হিসাব জব্দ করা হয় এসব সংগঠন ও ব্যক্তির। ফলে এ মানদণ্ডের শক্তিশালী অবস্থানে পৌঁছায় বাংলাদেশ।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাস, সন্ত্রাসে অর্থায়ন, জঙ্গিবাদ, মানি লন্ডারিংসহ অন্যান্য অপরাধ নির্মূল বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে।