ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় সরকার ১৩টি কারখানা বন্ধ করেছে এবং তিনটিকে বন্ধের নোটিশ দিয়েছে। আর একটিকে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে ফাটলের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তৈরি পোশাক শিল্পবিষয়ক মন্ত্রিসভা কমিটি গতকাল বুধবার সচিবালয়ে বৈঠক করে ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

শ্রম মন্ত্রণালয়ের সূত্রমতে, ভবনে ফাটলজনিত কারণে বন্ধ করে দেওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ার মাটসুকা অ্যাপারেলস লিমিটেড, ঢাকার উত্তর বাড্ডার তায়িফ ডিজাইন, তোবা ডিজাইন ও মিতা ডিজাইন, বাড্ডা সাঁতারকুলের ইউনাইটেড অ্যাপারেলস, সাভারের ফেয়ার নিটিং ও ফেয়ার ক্লথিং, গাজীপুরের ভোগরার ইন্টার ফেয়ার ম্যানুফ্যা. (ইউ-২), মহাখালীর নিউ ওয়ার্ল্ড অ্যাপারেলস লিমিটেড, নাসা ফ্যাশন ও বে-প্যাসিফিক এন্টারপ্রাইজ লিমিটেড এবং চট্টগ্রামের ইয়ং গার্মেন্টস ও সানোয়ারা গার্মেন্টস।

বন্ধের নোটিশ দেওয়া তিনটি কারখানা হলো আশুলিয়ার নেক্সট কালেকশন, আনজির অ্যাপারেলস ও নাবা নিট কম্পোজিটর। আর গাজীপুরের ভোগরার ভিয়েলটেক্স লিমিটেডে ফাটল দেখা যাওয়ায় উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গতকালকের সভা শেষে মন্ত্রিসভা কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, যেসব কারখানা ঝুঁকিপূর্ণ মনে হবে, সেগুলোই বন্ধ করে দেওয়া হবে। আর যেসব তৈরি পোশাক কারখানায় সমস্যা আছে, সেগুলোকে সংশোধনের সময় দেওয়া হবে। মন্ত্রী বলেছেন ঢাকায় ১৬টি ও চট্টগ্রামে দুটি কারখানা বন্ধ করা হয়েছে। 

উল্লেখ্য, পাটমন্ত্রীকে প্রধান করে ৬ মে তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য ১৮ সদস্যের একটি কমিটি গঠন করা করেছে সরকার।

মন্ত্রী আরও জানান, তৈরি পোশাকশিল্পে অগ্নিনিরাপত্তা বিষয়ে একটি এবং এই শিল্পের সম্প্রসারণ ও সহজীকরণে আরেকটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

মন্ত্রিসভা কমিটির সভাপতি শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকালকের  সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

বিজিএমইএ: এদিকে ঝুঁকিপূর্ণ আটটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে পোশাকমালিকদের সংগঠন (বিজিএমইএ)। এসব কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি কারখানাকে আগামী নভেম্বরের মধ্যে ভবন সংস্কারের নোটিশ দিয়েছে সমিতি।

জানা যায়, রানা প্লাজার ধসের পর ৬৫টি কারখানায় ফাটলের আতঙ্কের কথা জানতে পারে সমিতি। ইতিমধ্যে বুয়েট ও বিজিএমইএর প্রকৌশলীদের গঠিত সমন্বয় দল ৩৮টি কারখানা পরিদর্শন সম্পন্ন করেছে।

বন্ধ হওয়া নাসা ফ্যাশন, নাসা নিউ ওয়ার্ল্ড, বে-প্যাসিফিক, ফ্লাওয়ার ফ্যাশন, সাস ফ্যাশন, এইচবি গার্মেন্টস ও ট্রেড সোয়েটার কারখানাগুলোর ভবন ঝুঁকিপূর্ণ ছিল। আর ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানা ভবনের ওপর জেনারেটর থাকায় বন্ধ করা হয়েছে। জেনারেটর নিচে নামানোর পর কারখানা চালু করার নির্দেশ দিয়েছে বিজিএমইএ।

অন্যদিকে ওয়ার্ল্ড ভিক্টোরি ও এ জি অ্যাপারেল নামের দুটি কারখানার ভবন ৫ নভেম্বরের মধ্যে সংস্কার করার নির্দেশ দিয়েছে সমিতি। তবে এ সময় কারখানা চালু রাখতে কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে।   

বিষয়টি নিশ্চিত করে সমিতির সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, কারখানা ভবন পরীক্ষা-নিরীক্ষার পর ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিদর্শন দল আটটি উপদলে বিভক্ত হয়ে প্রতিদিন বিভিন্ন এলাকার কারখানা পরিদর্শন করছে।