ঝুঁকির মধ্যেই এগিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা পর্যায়ে ঝুঁকির মধ্য দিয়ে প্লাস্টিকের বোতল টুকরা করার শিল্পটি পরিচালিত হচ্ছে। ঝুঁকিটা যেমন রয়েছে শিল্পের উদ্যোক্তা পর্যায়ে, তেমনি ঝুঁকিতে আছে এই খাতের কাঁচামাল সংগ্রহের কাজে সরাসরি নিয়োজিত পথশিশুরা৷
এ খাতের উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল সংগ্রহ করতে হয় প্রান্তিক পর্যায় থেকে৷ কিন্তু কাঁচামাল সংগ্রহ করার প্রক্রিয়াটি ঝুঁকিপূর্ণ। বোতল সরবরাহকারীদের অগ্রিম টাকা দিয়ে রাখতে হয়। তাঁরা আবার সেই টাকা থেকে ছোট দোকান কিংবা ভাঙারির দোকানদারদেরও অগ্রিম টাকা দিয়ে রাখেন। কোনো ক্ষেত্রে বোতলের সরবরাহ না হলে অগ্রিম দেওয়া টাকা পড়ে থাকে সরবরাহকারীর হাতে।
এ ক্ষেত্রে যদি ভাঙারির দোকানিরা অগ্রিম টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়, তার প্রভাব পড়ে শিল্পোদ্যোক্তা পর্যন্ত।
আবার এই বোতলের টুকরার বাজার চীননির্ভর হওয়ায় পুরো রপ্তানি নির্ভর করে সেখানকার চাহিদার ওপর। কারণ চাহিদা সব সময় এক রকম থাকে না। কোনো মাসে চীন এক হাজার টন আমদানি করে। আবার হঠাৎ করে এক মাসে ২০ হাজার টন আমদানি করে। আন্তর্জাতিক বাজারে চাহিদার ওঠা-নামাও একধরনের ঝুঁকি।
এর পরও কীভাবে এ খাতের উদ্যোক্তারা ব্যবসা করছেন—জানতে চাইলে বিপিএফএমইএর সভাপতি নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘যখন চীনের বাজারে চাহিদা ভালো থাকে, তখন আমরা এসব ঝঁুকিকে আর ঝুঁকি মনে করি না। কারণ রপ্তানি তো হচ্ছেই। কিন্তু চাহিদা যখন পড়ে যায় তখন ঝঁুকিটা প্রকট হয়। সেই কয়েক মাস আমাদের যে সমস্যা হয় সেটা পরে পুষিয়ে নিতে বেশ কষ্ট হয়।’
ঝুঁকিতে থাকে বোতল কুড়ানো পথশিশুরাও। এই ঝুঁকিটা স্বাস্থ্যগত। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে এখন পথশিশু আছে আনুমানিক ১০ লাখ। তবে এর মধ্যে কত জন পথশিশু বোতল কিংবা আবর্জনা কুড়ায় তার কোনো হিসাব নেই। এই পথশিশুরা আছে মারাত্মক স্বাস্থ্যঝঁুকিতে।
রামপুরা কাঁচাবাজার এলাকার রাস্তার ওপরে থাকা ময়লা রাখার স্থান থেকে বর্জ্য কুড়াচ্ছিল আনুমানিক ১২ বছর বয়সী বিপ্লব। জানতে চাইলাম, তোমার কোনো শারীরিক সমস্যা হচ্ছে না। উত্তরে সে প্রথমেই জানাল, ‘প্রায়ই পাও কাইট্টা যায়।’ আর কী সমস্যা হয়—জানতে চাইলে হাত এগিয়ে দিল সে। দেখাল হাতে নানা ধরনের ফোসকা পড়েছে, অনেক স্থানে কালো হয়ে গেছে। বিপ্লব না জানলেও এটা আসলে চর্মরোগ। শ্বাসকষ্ট হয়?—প্রশ্নের জবাবে তার উত্তর, ‘মাঝেমধ্যে হয়’।