ঝুট কাপড় রপ্তানি অব্যাহত রাখার দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের পরিত্যক্ত ঝুট কাপড় রপ্তানি বন্ধের পদক্ষেপের প্রতিবাদ করেছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস ওয়েস্টেজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিটিডব্লিউইএ)। অ্যাসোসিয়েশনের নেতারা ঝুট কাপড় রপ্তানি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এ দাবিতে বিজিটিডব্লিউইএ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে গত শনিবার মানববন্ধন করে। এতে অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সামসুউদ্দিন, জ্যেষ্ঠ সদস্য সুব্রত ঘোষ, সদস্য মতিউর রহমান, ফারুক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আমিনুল ইসলাম। এতে বলা হয়, দেশের পোশাক কারখানা থেকে প্রতিদিন যে পরিমাণ ঝুট কাপড় বের হয়, তার মাত্র ১০ শতাংশ স্থানীয়ভাবে ব্যবহার করা হয়। অব্যবহূত বাকি ৯০ শতাংশ এ অ্যাসোসিয়েশনের সদস্যরা ভারত, চীন ও আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করছেন। সমিতির নেতারা জানান, বছরে এক হাজার থেকে এক হাজার ২০০ মেট্রিক টন ঝুট কাপড় রপ্তানি করে ১০ কোটি মার্কিন ডলার আয় হয়। খাতটির সঙ্গে বেশ কয়েক লাখ লোকের কর্মসংস্থান জড়িত। বক্তব্যে অভিযোগ করা হয়, সম্প্রতি বাংলাদেশ ট্যারিফ কমিশন মুষ্টিমেয় দু-একটি গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে ঝুট কাপড় রপ্তানি বন্ধের সুপারিশ করেছে। এটি সরকারের রপ্তানি সম্প্রসারণ নীতির পরিপন্থী উল্লেখ করে বলা হয়, এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।