ঝুট কাপড় রপ্তানির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস ওয়েস্টেজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিটিডব্লিউইএ) গার্মেন্টস বা পোশাকশিল্পের পরিত্যক্ত ঝুট কাপড় রপ্তানির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এতে সংগঠনটির নেতারা ঝুট কাপড়ের রপ্তানি বন্ধ না করার জন্য সরকারের কাছে দাবি জানান।সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস ওয়েস্টেজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিটিডব্লিউইএ) আহ্বায়ক সামছুদ্দিন আহমেদ, সদস্য আমির হোসেন, ওবায়েদুর রহমান, সদস্য সুব্রত ঘোষ, আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য দেন।সামছুদ্দিন আহমেদ অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই রপ্তানিমুখী ঝুট ব্যবসা ধ্বংস করার পাঁয়তারা করছে। এই মহলটি সম্ভাবনাময় ঝুট ব্যবসা কুক্ষিগত করার অপপ্রয়াস চালাচ্ছে। তারা পরিকল্পিতভাবে পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন রকম বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে এই শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।সংবাদ সম্মেলনে বলা হয়, দেশ থেকে ঝুট কাপড় রপ্তানি বন্ধ হয়ে গেলে নারীসহ এই শিল্পের সঙ্গে জড়িত ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়বে এবং মানবেতর জীবনযাপনে বাধ্য হবে। এ ছাড়া সরকারও প্রতিবছর ১০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে। যা দেশের অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে বক্তারা উল্লেখ করেন। বিজিটিডব্লিউইএর নেতারা সংবাদ সম্মেলনে আরও জানান, ঝুট কাপড় বা অব্যবহূত কাপড়ের টুকরো দেশে প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানে মাত্র ৫ শতাংশ সুতা তৈরিতে ব্যবহূত হয়। অবশিষ্ট ৯৫ শতাংশই বিদেশে রপ্তানি হয়। রপ্তানির বিকল্প হিসেবে দেশে এই ঝুট কাপড় ব্যবহারের কোনো প্রযুক্তি ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। এজন্য তাঁরা ঝুট কাপড়ের রপ্তানি অব্যাহত রাখার দাবি জানান। বিজ্ঞপ্তি।