ঝুলেই রইল গ্রাহকদের পাওনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>২ হাজার ৬০০ কোটি টাকা পাওনা ফিরে পেতে গ্রাহকদের আরও অনিশ্চিত সময় অপেক্ষা করতে হবে

যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) কার্যক্রম বন্ধের নয় বছর পার হয়েছে। কিন্তু গ্রাহকদের বঞ্চনার পালা আর শেষ হচ্ছে না। ২ হাজার ৬০০ কোটি টাকা পাওনা ফিরে পেতে তাঁদের আরও অনিশ্চিত সময় অপেক্ষা করতে হবে।

বিষয়টির সুরাহার পথ এখনো বের করতে পারেনি সরকার। সরকারের দপ্তরগুলোর মধ্যে এখনো চিঠি চালাচালি হচ্ছে। আর এসব চিঠির ফাঁদেই আটকে রয়েছে যুবকের প্রতারণার শিকার তিন লাখ গ্রাহকের ভাগ্য।
অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
যুবক নিয়ে গত পাঁচ বছরে দুই দফা কমিশন হয়েছে। দুই প্রতিবেদনেই অনেক সুপারিশ এসেছে, যা বাস্তবায়নযোগ্যও। কিন্তু ২০১৪ সালের জুলাই মাসে অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিষ্পত্তির পুরো দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়কে। বাণিজ্য মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে একটি প্রতিবেদনও তৈরি করে আট মাস আগে। কিন্তু এরপর আবার চুপচাপ।
সর্বশেষ গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে একটি চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। জানতে চাওয়া হয়, বিষয়টি সুরাহার জন্য এযাবৎ যেসব সুপারিশ এসেছে, সেগুলো বাস্তবায়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কতটুকু কী করেছে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা শুধু যুবকের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারে, অন্য বিষয়ে তাদের তেমন কিছু করার নেই।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘পুরো বিষয়টি জটিল প্রকৃতির। আমরা আমাদের কাজটি করছি। কমিশনের সুপারিশ বাস্তবায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কী করেছে বা করছে, তা জানতেই চিঠি পাঠানো হয়েছে।’
তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছি। আইন মন্ত্রণালয় বলেছে, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিশন গঠনই ঠিক হয়নি।’ জবাবসহ শিগগিরই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে থাকা যুবকের কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
সরকারের বুঝতে দেরি হয়ে যায়: রাজধানীর শাহবাগে আজিজ কো-অপারেটিভ মার্কেটে কয়েকটি দোকান ভাড়া নিয়ে ১৯৯৪ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে যুবক। ১৮৬১ সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) থেকে নিবন্ধন নেয়। কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠানটি উচ্চ সুদের বিনিময়ে আমানত সংগ্রহ ও ঋণদান কর্মসূচি চালু করে। কিন্তু এর কোনো কার্যক্রমই সরকারের নজরদারিতে আসেনি।
যুবকের প্রতারণামূলক কার্যক্রম নিয়ে ২০০৫ সালে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতে থাকলে তদন্তে নামে কেন্দ্রীয় ব্যাংক। ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে যুবকের বিরুদ্ধে অবৈধ ব্যাংকিংসহ নানা প্রতারণার চিত্র। তখনই এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদন বলছে, অতি মুনাফালোভী ও সহজ-সরল বিভিন্ন শ্রেণির শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত লোক অতি সহজে যুবকের পাতা ফাঁদে ধরা পড়ে এবং একপর্যায়ে সর্বস্বান্ত হয়ে যায়।
মূলত ক্ষমতাসীন মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি আমলা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ আনুকূল্য বা পৃষ্ঠপোষকতায় যুবকের উত্থান হয়। আর এতে ভূমিকা রাখে ১৯৯৬-২০০১ ও ২০০১-২০০৬ সময়ের সরকার। এমনকি রাষ্ট্রপতি, মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরাও যুবকের সভা-সেমিনারে অতিথি থেকে যুবককে সহায়তা করেছেন। কার্যক্রম বন্ধ হলে গত তত্ত্বাবধায়ক সরকার এ নিয়ে এগোয়নি।
তবে ২০১০ সালের জানুয়ারিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা তৈরির জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করে সরকার। ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী পরে ২০১১ সালে মে মাসে গঠন করা হয় সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলামকে প্রধান করে দুই বছর মেয়াদি যুবক কমিশন।
যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ‘যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি’ নামে ২০১৩ সালের ডিসেম্বরে একটি সংগঠন করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় যুবকের সম্পত্তি বেহাত হচ্ছে। সরকারের এই মুহূর্তের কাজ হবে প্রশাসক বসিয়ে সম্পত্তিগুলো নিয়ন্ত্রণে নেওয়া।’
সব সুপারিশই অবাস্তবায়িত: কমিশন ও কমিটির সুপারিশ মোটামুটি একই। অন্যতম হচ্ছে নতুন আইন করে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী কমিশন গঠন, যার প্রধান হবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত সচিব বা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।
বিদ্যমান আইনেও যুবকের সম্পত্তি গ্রহণ ও ব্যবস্থাপনার দায়িত্ব সরকার নিতে পারে। এ ক্ষেত্রে ১৯৭২ সালের চারটি আদেশকে বিবেচনায় নেওয়া যায়।
যুবকের মতো কোনো প্রতিষ্ঠান অতিথি হওয়ার আবেদন জানালে সে প্রতিষ্ঠানের উদ্দেশ্য, কার্যক্রম ও সুনাম যাচাই করে সম্মতি দেবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করতে পারে।
এসব সুপারিশের একটিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি।