টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আট কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের টঙ্গীতে আজ বুধবার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে পুলিশের দুই সদস্য ও এক শ্রমিক আহত হয়েছেন। এসব ঘটনায় আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, টঙ্গীর পাগাড় এলাকায় সার্ফ গার্মেন্টসের শ্রমিকেরা সকাল নয়টার দিকে কাজে যোগ দিয়ে বের হয়ে আসেন এবং ন্যূনতম বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় গাজীপুর শিল্প পুলিশের সদস্য শাহিনুর ও বাদশা ফাহাদ এবং অনন্ত জিন্সওয়ারের শ্রমিক ওহাব আলী গুলিবিদ্ধ হন। তাঁদেরকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।
এসব ঘটনায় আউচপাড়া ও দেওড়া এলাকার পার্ল প্রিন্স, ডাল নিটওয়ার, এসবি গার্মেন্টস, সিনকি ফ্যাশনওয়ার লিমিটেড এবং পাগাড় এলাকার অনন্ত ফেব্রিক্স লিমিটেড, হামদিল ফ্যাশনওয়ার লিমিটেড, সার্ফ গার্মেন্টস ও শিশির নিটিং কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।