নৌ-প্রটোকলের আওতায় পণ্য পরিবহনে ভারতের কাছে মাশুল চাইবে বাংলাদেশ। প্রতি টন পণ্যে ৫৮০ টাকা করে মাশুল আরোপের প্রস্তাব যাচ্ছে ভারতের কাছে। এ ছাড়া উপকূল ঘেঁষে ছোট ছোট জাহাজে করে পণ্য পরিবহনের আনুষ্ঠানিক প্রস্তাবও দেবে বাংলাদেশ।শিগগিরই দ্বিপক্ষীয় নৌ-প্রটোকলে সংশোধনী আনার জন্য কিছু প্রস্তাব ভারতের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। তাতে এই মাশুল আরোপসহ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে নৌ-মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে গত ২ ও ৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের সচিবপর্যায়ের বৈঠকের সুপারিশ অনুসারে নৌ-প্রটোকলটি সংশোধনীর পরবর্তী পদক্ষেপ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বৈঠকে নৌ-রুটগুলো রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক মাশুল ১০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগে ভারত এ রক্ষণাবেক্ষণের জন্য বছরে সাড়ে পাঁচ কোটি টাকা দিত। বাংলাদেশের পক্ষ থেকে এ অর্থ মার্কিন ডলারে পরিশোধের প্রস্তাবও যাচ্ছে।যোগাযোগ করা হলে নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, নৌ-প্রটোকলের কিছু সংশোধনী আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব শিগগিরই নয়াদিল্লিতে পাঠানো হবে। এতে কাস্টমস সেবা মাশুল এবং রুট নির্দিষ্টকরণের প্রস্তাবও রয়েছে। একই সঙ্গে উপকূল ঘেঁষে জাহাজের মাধ্যমে পণ্য আনা-নেওয়ার বিষয়ে একটি খসড়া প্রস্তাব পাঠানো হবে।জানা গেছে, দুই দেশের মধ্যকার সমুদ্র উপকূল ঘেঁষে জাহাজ চলাচলের জন্য একটি ব্যবস্থাপনাপত্রের খসড়াও তৈরি করেছে নৌ-মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ছোট ছোট জাহাজ ভারতের বিশাখাপট্টনাম ও হলদিয়া সমুদ্রবন্দর থেকে উপকূল ঘেঁষে বাংলাদেশ সীমান্তে এসে চট্টগ্রাম ও মংলা বন্দরে পণ্য খালাস করবে। আর এ দুটি বন্দর থেকে এসব পণ্য সড়ক বা রেলপথে ভারতীয় সীমান্তে পরিবহন করা হবে। বাংলাদেশের জাহাজমালিকদের আগ্রহেই উপকূল ঘেঁষে জাহাজ চলাচলের এ প্রস্তাব তৈরি করছে বাংলাদেশ। ঢাকা অনুষ্ঠিত নৌসচিব পর্যায়ের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন বাংলাদেশকে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাব দিতে বলেছে ভারতীয় পক্ষ। প্রসঙ্গত, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এ ধরনের উপকূল ঘেঁষে পণ্যবাহী নৌ-চলাচলসংক্রান্ত চুক্তি রয়েছে। তবে সেটা মিয়ানমারের রপ্তানি করা মাছ যাতে সহজে ও কম সময়ে বাংলাদেশে আসতে পারে, সে জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের নানা ধরনের পণ্য-বাণিজ্য রয়েছে। আর ভারত নৌ-প্রটোকলের আওতায় নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথও ব্যবহার করতে আগ্রহী। একই প্রটোকলের আওতায় নৌপথের পাশাপাশি বহুমাত্রিক পরিবহনব্যবস্থায় ট্রানজিট চেয়ে আসছে ভারত। চলতি বছর থেকে ভারত নৌপথের রক্ষণাবেক্ষণের জন্য বছরে ১০ কোটি টাকা দিতে সম্মত হয়েছে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস সেবা প্রদানের জন্য বাড়তি মাশুল আরোপের প্রস্তাব করেছে। বহুমাত্রিক পণ্য পরিবহনের সুযোগ বাড়ানোয় পণ্য আনা-নেওয়ার পরিমাণ বাড়বে। এতে বিভিন্ন শুল্ক স্টেশনে বাড়তি লোকবল প্রয়োজন হবে। এসব বিবেচনা করে এনবিআর সম্প্রতি নৌ-প্রটোকলের বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব নৌ-মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো—প্রতি টনে ৫৮০ টাকা করে সেবা মাশুল আদায়। এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে: স্ক্যানিং ৩০০ টাকা; সিল, লক ও টহল বাবদ নিরাপত্তা ১০০ টাকা; প্রহরা ৫০ টাকা; প্রশাসনিক মাশুল ৫০ টাকা; মার্চেন্ট ওভারটাইম ৪০ টাকা; ট্রানশিপমেন্ট মাশুল ৩০ টাকা এবং কাগজপত্র প্রক্রিয়াকরণ ১০ টাকা। এনবিআরের প্রস্তাবে বলা হয়েছে, ট্রানজিট প্রদানকারী দেশই পণ্যের নিরাপত্তা নিশ্চিত করে। এ ছাড়া যেহেতু ট্রানজিট পণ্যে শুল্ক আরোপ করা যায় না, তাই সমপরিমাণ অর্থ ব্যাংক গ্যারান্টি রাখার প্রস্তাব করা হয়েছে। এনবিআরের প্রস্তাবে আরও বলা হয়েছে, নৌ-প্রটোকলের আওতায় ট্রানশিপমেন্ট স্থান হিসেবে আশুগঞ্জ ও সিলেটের শেরপুর থেকে ভারতের যেকোনো সীমান্তে পণ্য নেওয়া যাবে। প্রস্তাবে বলা হয়েছে, পর্যায়ক্রমে ভারতীয় পক্ষ আশুগঞ্জ থেকে ভারতের যেকোনো সীমান্তে পণ্য পরিবহনের সুবিধা চাইবে। অথচ আশুগঞ্জ থেকে ভারতের যেকোনো সীমান্তে সড়কপথে পণ্য পরিবহন বর্তমান বাস্তবতায় কার্যত অসম্ভব। সে ক্ষেত্রে সড়কপথে ব্যাপক অবকাঠামো উন্নয়ন করতে হবে। ইতিমধ্যে আশুগঞ্জ-সুতারকান্দি পথে পণ্য পরিবহনের সুযোগ চেয়েছে ভারত। তাই আখাউড়া-আগরতলা সীমান্তের কথা নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব করেছে এনবিআর। এ ছাড়া কার্যত এর ব্যবহার না থাকায় শেরপুরকে ট্রানশিপমেন্ট পয়েন্ট থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে এনবিআর। তবে সড়ক ও রেল বিভাগ এখনো তাদের মাশুল আরোপের প্রস্তাব পাঠায়নি বলে নৌ-মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ভারত, নেপাল ও ভুটানকে পূর্ণাঙ্গ ট্রানজিট-সুবিধা দেওয়ার উদ্যোগ থমকে আছে। এ অবস্থায় ভারত এখন নৌ-প্রটোকলের আওতায় ট্রানজিট-ট্রানশিপমেন্ট সুবিধা পেতে চাইছে। এ পরিপ্রেক্ষিতে ট্রানজিট-ব্যবস্থা চালুর সবকিছু দেখার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে নৌ-মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এক দফা সংশোধনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে ট্রানজিট প্রতিবেদনটি জমা দেয় বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বাধীন মূল দল। কিন্তু এখন পর্যন্ত সরকার তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন বা গ্রহণ করা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়েও প্রতিবেদনটি পাঠানো হয়েছে। প্রতিবেদনটি নিয়ে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টাসহ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা কয়েক দফা বৈঠক করেছেন।