বিশ্বব্যাপী মোটরগাড়ি বিক্রিতে জাপানের টয়োটাকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে জার্মানির ভক্সওয়াগন। চলতি বছরের জুন পর্যন্ত ভক্সওয়াগন মোটরগাড়ি বিক্রি করেছে ৫০ লাখ ৪০ হাজার। একই সময়ে টয়োটা বিক্রি করেছে ৫০ লাখ ২০ হাজার গাড়ি।
২০১৮ সালের মধ্যে মোটরগাড়ি বিক্রিতে শীর্ষস্থান দখলের পরিকল্পনা নিয়ে কাজ করছে ভক্সওয়াগন। পরিকল্পনার তিন বছর আগেই সে লক্ষ্য অর্জন করতে পেরেছে প্রতিষ্ঠানটি।
বিক্রির দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল মোটরস। একই সময়ে প্রতিষ্ঠানটি ৪৮ লাখ ৬০ হাজার গাড়ি বিক্রি করেছে। খবর বিবিসি, রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।
টয়োটা বিশ্ববাজারে শীর্ষস্থান হারালেও বাংলাদেশের বাজারে এখনো প্রথম স্থানেই আছে। রিকন্ডিশনড গাড়ি আমদানিকারক ও বিক্রেতাদের সংগঠন বারভিডার হিসাব অনুযায়ী, বাংলাদেশে মোটরগাড়ি বাজারের ৮০ শতাংশই টয়োটার দখলে। এরপরের দুটি স্থানে রয়েছে যথাক্রমে নিশান ও মিতসুবিশি। বছরে এখন দেশে গড়ে ২০ হাজার রিকন্ডিশন্ড গাড়ি বিক্রি হয়।
চলতি বছরে প্রতিটি কোম্পানিরই মোটরগাড়ি বিক্রি আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। আলোচ্য সময়ে টয়োটার নতুন গাড়ির সরবরাহ কমেছে দেড় শতাংশ। আর ভক্সওয়াগনের কমেছে দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ। তবে এ সময়ে জার্মানিসহ পশ্চিম ইউরোপের বাজারে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৬ শতাংশ।
২০১৪ সালে ১ কোটি ২ লাখ ৩০ হাজার গাড়ি বিক্রি করে শীর্ষে ছিল টয়োটা। একই সময়ে ভক্সওয়াগন বিক্রি করেছে ১ কোটি ১ লাখ গাড়ি। এ বছর সে বিক্রিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে বলেই মনে করছে প্রতিষ্ঠানটি। টয়োটার আগে ২০০৮ সাল পর্যন্ত মোটরগাড়ি বিক্রির শীর্ষস্থানটি কয়েক যুগ ধরে দখলে রেখেছিল জেনারেল মোটরস। জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০১১ সালেই কেবল শীর্ষস্থানটি টয়োটার হাতছাড়া হয়।
ভক্সওয়াগনের মোট বিক্রির এক-তৃতীয়াংশই হয় চীনে। বিলাসবহুল ব্র্যান্ড অডি এবং পোরশের মালিকও জার্মানির এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ভারতে দাস অটো নামের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে মোটরগাড়ি বাজারজাত করছে ভক্সওয়াগন।
বাজার বিশ্লেষকেরা বলছেন, শীর্ষস্থান ধরে রাখতে হলে সবচেয়ে বড় বাজার চীনে বিক্রি আরও বাড়াতে হবে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্টের জার্মানির প্রধান স্টেফান ব্র্যাটজেল বলেন, ‘বড় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিক্রি কমে যাওয়ায় শীর্ষস্থানে চলে এসেছে ভক্সওয়াগন।’
গত জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরেক নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের গাড়ি বিক্রি হয়েছে ৩২ লাখ ৬০ হাজার।