টরন্টো স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে আগ্রহী ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কানাডার টরন্টো স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সেখানে বসবাসরত বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য একটি রোড শো আয়োজন করার অনুরোধ করা হয়েছে ডিএসইর পক্ষ থেকে। আজ মঙ্গলবার কানাডীয় হাইকমিশনার হেদার ক্রুডেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ডিএসইর পক্ষ থেকে এসব আগ্রহের কথা জানানো হয়।সাক্ষাত্ শেষে ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের এসব বিষয় জানান।রকিবুর রহমান বলেন, ‘কানাডা বাংলাদেশের অন্যতম একটি উন্নয়ন-সহযোগী দেশ। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক উন্নত। আমরা হেদার ক্রুডেনকে কানাডার টরন্টো স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছি। একই সঙ্গে সেখানে বসবাসরত বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য একটি রোড শো আয়োজনের কথাও বলেছি। এ ছাড়া ডিএসইর প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের জন্য অনুরোধ করেছি হাইকমিশনারকে।’রকিবুর রহমান বলেন, ‘হাইকমিশনার বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।’কানাডীয় হাইকমিশনার হেদার ক্রুডেন বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বার্ষিক ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বাণিজ্য হয়ে থাকে। কানাডা এরই মধ্যে বাংলাদেশের গণতন্ত্র, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।তিনি ডিএসইর বিভিন্ন বিভাগ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, ডিএসইতে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কানাডায়ও একই প্রযুক্তি ব্যবহার করা হয়। এ সময় তিনি ডিএসইর স্বচ্ছতা, জবাবদিহি, বিনিয়োগকারীদের সচেতনতা কর্মসূচি ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।