টাইম সাময়িকীতে পুঁজিবাজারের কঠোর সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পুঁজিবাজারের কঠোর সমালোচনা করেছে ‘টাইম’ সাময়িকী। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ দেশের শেয়ারবাজারকে উত্থান-পতনের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ বাজার হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের শুরু থেকে গত এক বছরে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের সূচক ৫৫ শতাংশের মতো কমে গেছে। যদিও এর আগে স্টক এক্সচেঞ্জটির ৫৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে সূচক। আর এক বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই দরপতনের ফলে লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসার উপক্রম। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ব্যাংকগুলো পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করায় বাজার দ্রুত বাড়তে থাকে। ২০১০ সালের মধ্যে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯০ শতাংশের বেশি বেড়ে যায়। আর এই উত্থানে শেয়ারবাজার সম্পর্কে অজ্ঞ অথবা খুব সামান্য জ্ঞান রাখেন—এমন অনেককে বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। এর ফলে ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত বিও হিসাবের সংখ্যা পাঁচ লাখ থেকে সাত গুণ বেড়ে প্রায় ৩৫ লাখে পৌঁছে। এঁদের মধ্যে বেশির ভাগই অতি মূল্যায়িত বাজারে শেয়ার কেনে ক্ষতিগ্রস্ত হন বলে প্রতিবেদনে বলা হয়।