টাওয়ার তৈরিতে নিজেদের অধিকার হারাতে চায় না দেশের তিন শীর্ষ মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) একটি যৌথ চিঠি দিয়েছে তিন অপারেটরের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনর, ভিম্পেলকম ও আজিয়াটা গ্রুপ বারহাদ।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদকে সম্প্রতি লেখা এই চিঠিতে বলা হয়েছে, খসড়া নীতিমালা অনুযায়ী অপারেটরদের নিয়ন্ত্রণে থাকা নতুন ও পুরোনো সব টাওয়ার ব্যবস্থাপনার দায়িত্ব চলে যাবে লাইসেন্স পাওয়া নতুন দুটি কোম্পানির হাতে। এটি করা হলে তা টেলিযোগাযোগ নেটওয়ার্কের মান নিশ্চিতে সহায়ক হবে না। একই সঙ্গে তা থ্রিজি ও টুজি লাইসেন্সের শর্তও ভঙ্গ করবে। লাইসেন্স অনুযায়ী টাওয়ার তৈরি, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের সব দায়িত্ব এখন অপারেটররা পালন করে থাকে। যৌথ এ চিঠিতে টেলিনর, ভিম্পেলকম ও আজিয়াটার প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তারা স্বাক্ষর করেন।
মুঠোফোন টাওয়ারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে গত বছর একটি নতুন নীতিমালা করার উদ্যোগ নেয় বিটিআরসি। এ জন্য টুজি ও থ্রিজি নীতিমালায় টাওয়ার ব্যবহারসংক্রান্ত অংশ সংশোধন করে একটি খসড়া নীতিমালাও তৈরি করা হয়েছে। খসড়া নীতিমালায় নতুন দুটি টাওয়ার কোম্পানিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ছয় অপারেটরের মোট টাওয়ারের সংখ্যা ২৭ হাজার।
দেশের সব টাওয়ার ব্যবস্থাপনার জন্য মাত্র দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে বলা হয়েছে, এমন উদ্যোগ বাজারে দুটি প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য ও অদক্ষতা তৈরির সুযোগ করে দেবে। অর্থনৈতিকভাবে শক্তিশালী ও কারিগরি সক্ষমতা আছে এমন যেকোনো প্রতিষ্ঠানই যাতে টাওয়ার তৈরি করতে পারে তেমন সুযোগ থাকা উচিত। একই সঙ্গে অপারেটরদেরও টাওয়ার তৈরির অধিকার থাকা উচিত। এতে বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত হবে।
যে দুটি প্রতিষ্ঠানকে টাওয়ার ব্যবস্থাপনার কাজ দেওয়া হবে সেখানে বিদেশি প্রতিষ্ঠানের মালিকানা ৪৯ শতাংশের বেশি হতে পারবে না—খসড়া নীতিমালার এমন শর্তেরও বিরোধিতা করা হয়েছে চিঠিতে। এমন শর্ত বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিদেশি বিনিয়োগের সুযোগকে সংকুচিত করবে বলে মনে করে গ্রামীণফোন, বাংলালিংক ও রবির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বহুজাতিক মুঠোফোন অপারেটরদের বাংলাদেশে এখন পর্যন্ত ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগের বিষয়টি উল্লেখ করে খসড়া নীতিমালা থেকে এই শর্তটি তুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।