টাকা আদায়ের পাশাপাশি হোতাদের শাস্তির তাগিদ
শুধু টাকা আদায় করলেই হবে না, হলমার্ক কেলেঙ্কারির হোতাদের শাস্তিও দিতে হবে। দুটি বিষয় একই সঙ্গে সম্পন্ন করতে হবে। একটির পর আরেকটি নয়। ‘হলমার্ক জালিয়াতি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ব্যাংকিং খাতের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল রোববার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এই আলোচনায় অংশ নেন হলমার্ক জালিয়াতির তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্ত সাংসদ তাজুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবু আহমেদ প্রমুখ। সুজন সভাপতি বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক মামুন রশীদ। আলোচনায় মির্জ্জা আজিজ বলেন, ‘হলমার্ক কেলেঙ্কারির পেছনে কারা আছে, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ তা দেখবে না? পর্ষদের সদস্যদের অসততার বিষয়টিও অনুসন্ধান করে দেখা যেতে পারে। তবে তাঁদের অদক্ষতা যে রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।’ঋণ দেওয়ার ক্ষেত্রে কোম্পানির সুনামের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। একক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কত পরিমাণ ঋণ দেওয়া হবে—তারও সীমারেখা রয়েছে। ব্যাংকের মূলধন পর্যাপ্ততাও একটি বিবেচ্য বিষয়। হলমার্কের ক্ষেত্রে এগুলো একদমই অনুসরণ করা হয়নি বলে উল্লেখ করেন মির্জ্জা আজিজ।সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি ইঙ্গিত করে সাংসদ তাজুল ইসলাম বলেন, ‘এত বড় ঘটনা হয়ে যাচ্ছে, আর বলবেন যে আমরা জানি না। তাহলে বসেছেন কেন? যিনি যেখানে বসেছেন, তাঁকে সেই দায়িত্ব পালন করতে হবে।’ ‘রাজনীতি যেমন নিয়ামক, তেমনি এই রাজনীতি অনেক সময় কষ্টও দেয়’ বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও বেসরকারি ব্যাংকের জন্য আলাদা নিয়ন্ত্রক বিশ্বের আর কোথাও আছে বলে তাঁর জানা নেই। সালেহউদ্দিন আহমেদ বলেন, পরিচালনা পর্ষদকে রাজনীতিকীকরণ করার কারণে হলমার্ক জালিয়াতির মতো এত বড় ঘটনা ঘটেছে—এ কথা স্বীকার করতে হবে। পর্ষদ সদস্যদের লোভ-লালসা ও আত্মসাতের যে মনোভাব তৈরি হয়েছে, সেখান থেকেই হলমার্কের ঘটনার উৎপত্তি।যেসব কর্মকর্তা ভালো কাজ করেন কিন্তু রাজনীতি করেন না, তাদের এক যুগেও পদোন্নতি হয় না বলে আক্ষেপ করেন সালেউদ্দিন আহমেদ।