নতুন অর্থবছর (২০১৬-১৭) শুরু হলো আজ থেকে। ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন অর্থবছরের জন্য বিশাল বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বিশাল বাজেট বাস্তবায়নে একদিকে টাকা জোগাড় করা যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে খরচ করাও বড় চ্যালেঞ্জ।
এ বছর ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা খরচের পরিকল্পনা করা হয়েছে। এ জন্য সরকার দেশের মানুষের কাছ থেকে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকার রাজস্ব আদায় করবে। এতে করে সাধারণ মানুষকে গতবারের চেয়ে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বাড়তি দিতে হবে। এতে করদাতারা স্বস্তির চেয়ে চাপেই বেশি থাকবেন। বাজেটের বাকিটা সরকার দেশি-বিদেশি উৎস থেকে ঋণ করে মেটাবে।
নতুন বাজেট বাস্তবায়নে অর্থমন্ত্রীর সামনে তিনটি চ্যালেঞ্জ আছে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। এগুলো হলো গুণগত মান বজায় রেখে সাশ্রয়ীভাবে প্রকল্প বাস্তবায়ন; উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন এবং বেসরকারি বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনা। আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পরিকল্পনামাফিক বাস্তবায়ন করতে হবে। তা না হলে প্রকল্প প্রস্তাব তৈরির শুরুর পর্যায় থেকে বাস্তবায়ন পর্যন্ত আটকে যাবে। এ ছাড়া বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা আনতে সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, গত কয়েক বছরে যেখানে কিছুই হয়নি। তাঁর মতে, বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে রাজস্ব প্রশাসনে সংস্কার আনতে হবে। এবারের রাজস্ব বাড়াতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে করদাতারা স্বস্তির চেয়ে চাপে থাকবেন।
রাজস্ব: চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এনবিআর বহির্ভূত রাজস্বসহ মোট ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা আদায় করতে হবে। এর মধ্যে এনবিআরকে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়েছে। এর মানে, সদ্য বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা বেশি আদায় করতে হবে এনবিআরকে। এ জন্য শুল্ক কর-সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, তাতে পুরোনো করদাতাদের আগের চেয়ে বেশি কর দিতে হবে; আবার নতুন করদাতাও সৃষ্টি হবে। উদাহরণ দিয়ে বলা যায়, করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা অপরিবর্তিত রাখায় এবার বিপুলসংখ্যক নতুন করদাতা করের জালে আটকা পড়বেন। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হওয়ায় দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদেরও কর দিতে হবে।
এ ছাড়া ব্যক্তিশ্রেণির করদাতার বিনিয়োগের কর রেয়াত সুবিধা ৩০ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনায় করযোগ্য আয়ের পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে যাবে; বেশি কর দিতে হবে। মুঠোফোনের সিমকার্ড সেবায় বা মুঠোফোনে কথা বলায় সম্পূরক শুল্ক বৃদ্ধি ৩ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কলে আগের চেয়ে বেশি টাকা কাটা শুরু হয়ে গেছে।
করযোগ্য হোক বা না-ই হোক; চাকরিজীবী হলেই ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে হবে। শ্রমিক ছাড়া সাধারণত একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা, প্রশাসনিক ও তদারকি পর্যায়ে বিভিন্ন পদমর্যাদার বহু বেতনভুক্ত কর্মী থাকেন। আবার ধনীদের সারচার্জের হার পুনর্বিন্যাস করায় তাঁদের আগের চেয়ে বেশি কর দিতে হবে। এ ছাড়া লাভ-ক্ষতিনির্বিশেষে কোম্পানির ন্যূনতম করের পরিমাণও বাড়ানো হয়েছে। পোশাকসহ বেশ কিছু রপ্তানি খাতে উৎসে কর বাড়িয়ে দশমিক ৭ শতাংশ করা হয়েছে।
খরচ: প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার বাজেটে সরকারের অনুন্নয়ন ব্যয় ২ লাখ ২৮ হাজার ৭৯ কোটি টাকা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ভর্তুকি ও প্রণোদনা, সুদ পরিশোধসহ বিভিন্ন খাতে এ বিশাল খরচ করতেই হবে। এ টাকা খরচে কোনো দক্ষতা বা সক্ষমতার প্রয়োজন নেই। বাকিটা উন্নয়ন খরচ বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন। নতুন এডিপির আকার ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে প্রায় ১৭ হাজার কোটি টাকা বেশি। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা নিয়ে সব সময়ই প্রশ্ন রয়েছে। প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় প্রতিবছর শেষ দিকে এসে এডিপি সংশোধন করে আকার ছোট করা হয়। শেষ পর্যন্ত ওই সংশোধিত এডিপির ৯০-৯২ শতাংশ বাস্তবায়িত হয়। অবশ্য প্রতিবার পরিকল্পনামন্ত্রী এডিপি পুরোপুরি বাস্তবায়নে হাঁকডাক দেন; কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয় না। সর্বশেষ হিসাবমতে, সদ্য বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপির ৯০ শতাংশ বাস্তবায়িত হয়েছে।