টাকা তুলতে কেন্দ্রীয় ব্যাংক সুদ দিচ্ছে ১ শতাংশের কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে তিন বছর পর ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে টাকা তুলতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে টাকা তোলা শুরু করেছে। নিলামের প্রথম দিন ব্যাংকগুলো থেকে ২ হাজার ৬০৫ কোটি টাকা তুলেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৭ দিন মেয়াদি বিলের সুদ ছিল দশমিক ৫৪ শতাংশ ও ১৪ দিন মেয়াদি বিলের সুদ ছিল দশমিক ৭৫ শতাংশ।

জানা গেছে, নিলামের প্রথন দিন ৭ ও ১৪ দিন মেয়াদি বিলে অংশ নিতে আবেদনের সুযোগ ছিল। প্রচলিত ধারার ব্যাংকগুলো প্রায় ৬ হাজার কোটি টাকার বিল কিনতে আবেদন করে। তবে দিন শেষে বাংলাদেশ ব্যাংকের নিলাম কমিটি ২ হাজার ৬০৫ কোটি টাকা কেনার সিদ্ধান্ত নেয়। আর সুদহার নির্ধারণ করা হয় কল মানি বাজারের চেয়ে কিছুটা বেশি। বর্তমানে ব্যাংকগুলো দশমিক ৫০ শতাংশ হারে একে অপরকে টাকা ধার দিচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কল মানিতে সর্বনিম্ন সুদহার ১ শতাংশ।

এভাবে বাজার থেকে টাকা তুলে মূলত ব্যাংকের আমানতে সুদহার বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি টাকা যাতে অনুৎপাদনশীল খাতে চলে না যায়, তাও নিশ্চিত করতে চায়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এই বিলের পাশাপাশি রিভার্স রেপো চালু করা যেতে পারে। এতে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কমে যাবে। আর সুদ একটু বেশি দিতে হবে। তাহলে ব্যাংকগুলো আগ্রহ দেখাবে। খুব বেশি ব্যাংকের কাছে অতিরিক্ত টাকা নেই। প্রবাসী আয়ও কমতে শুরু করেছে। ফলে আমানতের প্রবাহ কমে যেতে পারে।

ব্যাংকে পড়ে থাকা অতিরিক্ত অর্থ বা অলস টাকা তুলে নিতে চায় বাংলাদেশ ব্যাংক। কারণ, এসব টাকা বাজারে অহেতুক বুদ্বুদ তৈরি করছে। তবে ঠিক কত টাকা তুলে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করেনি কেন্দ্রীয় ব্যাংক।

আপাতত কেন্দ্রীয় ব্যাংক ঠিক করেছে, ৭ দিন, ১৪ দিন ও ৩০ দিন মেয়াদি বিলের মাধ্যমে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে টাকা তোলা হবে। মাসব্যাপী চলবে এই প্রক্রিয়া। এর আগে ২০১৮ সালের ২৯ মার্চ সর্বশেষ ব্যাংকগুলো থেকে এভাবে টাকা তুলে নেওয়া হয়েছিল।

এদিকে গতকাল কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামীকাল বুধবার ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হবে।