টাকা দেবেন না, অর্থমন্ত্রী আগেই সাবধান করলেন
বন্ধ সরকারি শিল্পপ্রতিষ্ঠান আর চালু করতে রাজি নন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে সম্প্রতি একটি চিঠি লিখে অর্থমন্ত্রী এ কথা জানিয়ে দিয়েছেন। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা যতগুলো শিল্পপ্রতিষ্ঠান সরকারি সহায়তায় চালু হয়েছে, সেগুলোর একটিও লাভের মুখ দেখেনি। বরং দিনের পর দিন সরকারি সহায়তায় টিকে আছে। এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে। নতুন করে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হলে অর্থ মন্ত্রণালয় সহায়তা দেবে না বলেও জানিয়ে দেন মুহিত।
খুলনা নিউজপ্রিন্ট, খুলনা হার্ডবোর্ড, ঢাকা চামড়া, বাংলাদেশ ইনস্যুলেটর অ্যান্ড সেনিটারি, নর্থ বেঙ্গল পেপার মিল, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স এবং আর আর টেক্সটাইল নামের সরকারি প্রতিষ্ঠানগুলো এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শিল্প মন্ত্রণালয় কয়েক বছর ধরেই এগুলো চালুর উদ্যোগ নেয়।
গত ২২ সেপ্টেম্বর ২৪ দিনের জন্য বিদেশ সফরে যাওয়ার আগের দিন ২১ সেপ্টেম্বর শিল্পমন্ত্রীকে পাঠানো চিঠিতে অর্থমন্ত্রী লিখেছেন, খবরের কাগজে তিনি দেখেছেন যে বন্ধ সরকারি শিল্পপ্রতিষ্ঠান আবার চালু করতে চাইছে শিল্প মন্ত্রণালয়। অথচ এগুলোর অনুপস্থিতি কারও নজরে পড়ে না। ব্যক্তিমালিকানা খাত ইতিমধ্যেই প্রতিষ্ঠানগুলোর স্থান দখল করে নিয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অবহিত যে চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স একসময় ক্লোরিন উৎপাদন করত। এর যথেষ্ট উদ্বৃত্ত পণ্য দেশেই উৎপাদিত হচ্ছে। আর কাগজের পুরো চাহিদাও ব্যক্তিমালিকানা খাতের কারখানাগুলোই মেটাচ্ছে।’
এ অবস্থায় এসব প্রতিষ্ঠান চালু করা শুধুই অর্থের অপচয় হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। চিঠিতে তিনি বলেন, ‘আমি আগে থেকেই সাবধান করে দিতে চাই যে অর্থ মন্ত্রণালয় এই উদ্যোগে কোনো সহায়তা দিতে পারবে না।’
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ী, বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ১০টি শিল্পপ্রতিষ্ঠানের লোকসানের পরিমাণই ১০ হাজার ১৭২ কোটি টাকা।
১৯৬৫ সালে চট্টগ্রামে গড়ে ওঠা চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স কস্টিক সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিন লিকুইড ও ব্লিচিং পাউডার উৎপাদন করত। আবার একসময় দেশের সাদা কাগজের মোট চাহিদার প্রায় পুরোটাই মেটানো হতো নর্থ বেঙ্গল পেপার মিলের কাগজ দিয়ে। পাবনার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের কাছে স্বাধীনতার আগেই সরকারি মালিকানায় গড়ে ওঠে নর্থ বেঙ্গল পেপার মিল। খুলনার খালিশপুরে ১৯৫৭ সালে গড়ে ওঠে খুলনা নিউজপ্রিন্ট কারখানা।
বিপুল লোকসানের কারণ দেখিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ২০০২ সালের শেষ দিকে এগুলো বন্ধ ঘোষণা করেন। মাঝখানে কয়েক বছর এগুলো নিয়ে কেউ কোনো মাথা ঘামায়নি বলে অর্থ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে।
তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে দায়িত্ব নিয়ে বন্ধ সরকারি শিল্পকারখানা চালুর নানা দিক পরীক্ষা করে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নয় সদস্যের একটি কমিটি সমীক্ষা করে প্রতিবেদনও তৈরি করে। প্রতিবেদনের সুপারিশে বলা হয়, পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে খুলনা নিউজপ্রিন্ট কারখানা নতুন করে শুরু হতে পারে। এর জন্য পরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে নিয়ে উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়। বর্তমানে তিনজনেরই কেউ মন্ত্রী নন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বন্ধ সরকারি কারখানা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের একটি প্রতিবেদন কয়েক মাস আগে অর্থ মন্ত্রণালয়ে জমা দেয় শিল্প মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় তা বিশ্লেষণ করে দেখেছে, এগুলোর জন্য অর্থ বরাদ্দ দেওয়া যায় না। তারপরই শিল্পমন্ত্রীকে চিঠি লিখেছেন অর্থমন্ত্রী।
বন্ধ সরকারি শিল্পপ্রতিষ্ঠান চালুর ব্যাপারে কয়েক বছর ধরেই কথা বলে আসছেন শিল্পমন্ত্রী। আগের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াও একই ধরনের ইচ্ছার কথা গণমাধ্যমের সামনে বহুবার বলেছেন।
যোগাযোগ করা হলে গতকাল রাতে মুঠোফোনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তিনি এখনই কিছু বলতে পারছেন না। তবে খোঁজ নিয়ে পরে মন্তব্য করবেন।