টাকা নেই, আগে কোন প্রকল্পে খরচ হবে তা খুঁজে ফিরছে সরকার
চলতি ২০১১-১২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অর্থের তুলনায় বেশি প্রকল্প অন্তর্ভুক্ত থাকায় টাকা বরাদ্দ নিয়ে বিপাকে পড়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এ জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নির্বাচন ও পুনঃ বরাদ্দ করতেই হিমশিম খাচ্ছে মন্ত্রণালয়। এ বছর এডিপি ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। আর প্রকল্প নেওয়া হয়েছে এক হাজার ৩৯টি। প্রতিটি প্রকল্পেই এক টাকা হলেও বরাদ্দ দিতে হবে। পরিকল্পনা কমিশন সূত্রগুলো বলছে, এসব প্রকল্পে ব্যয় পরিকল্পনা অনুযায়ী বরাদ্দ দিতে হলে অর্থের প্রয়োজন হবে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। কিন্তু যেহেতু বাড়তি ৫১ হাজার কোটি টাকার জোগান নেই, তাই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ হবে নামমাত্র। অর্থা ৎ বেশ কিছু প্রকল্প পুরোপুরি বাদ না দিলেও নামমাত্র বরাদ্দ দিয়ে তা নিষ্ক্রিয় রাখা হবে। অর্থ-সংকটের এ অবস্থা উত্তরণে অগ্রাধিকার প্রকল্প নির্বাচন ও পুনঃ বরাদ্দের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে তিন দিন ধারাবাহিকভাবে সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করবে এ কমিটি। পরিকল্পনাসচিব মনজুর হোসেন এসব বৈঠকে সভাপতিত্ব করবেন। এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অগ্রাধিকার তালিকা নিয়ে বৈঠকে যোগদানের জন্য পরিকল্পনা কমিশন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এসব বৈঠকে ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা তাঁদের অগ্রাধিকার প্রকল্প নিয়ে আলোচনা করবেন। সব সরকারের আমলেই রাজনৈতিক বিবেচনায় অর্থবছরের শেষদিকে এসে নতুন নতুন প্রকল্প নেওয়া হয় এডিপিতে। এগুলো সংশোধিত বাজেটে (আরএডিপি) অনুমোদন দেওয়া হয়। কিন্তু, এতে পরের বছরের এডিপিতে নতুন প্রকল্পে বরাদ্দ দিতে হিমশিম খেতে হয় পরিকল্পনা কমিশনকে। অগ্রাধিকার ভিত্তিতে নতুন প্রকল্প নেওয়ার সুযোগও কমে আসে। আবার প্রকল্প সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বরাদ্দ কমাতে বাধ্য হয় পরিকল্পনা কমিশন। এতে প্রকল্পের মেয়াদ বছরের পর বছর বাড়তে থাকে, বাড়তে থাকে প্রকল্প ব্যয়। এভাবে এক চক্রের মধ্যে পড়ে যায় পুরো এডিপি ব্যবস্থাপনা। দীর্ঘদিন এই প্রক্রিয়াটি চলে আসায় এবারের এডিপি ব্যবস্থাপনা চরম সংকটের মধ্যে রয়েছে। চলতি এডিপিতে প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় অর্থের অর্ধেকও বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। এ সম্পর্কে পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনীতি বিভাগ) শামসুল আলম প্রথম আলোকে বলেন, উন্নয়ন কর্মসূচিতে বেশি প্রকল্প নেওয়ায় বরাদ্দ নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কিন্তু, অর্থ বরাদ্দের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে হবে। তাঁর মত হলো, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্য মেয়াদি বাজেটকাঠামোর আওতায় প্রকল্প নেওয়া উচিত। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের উচিত, পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণ করা। সূত্রগুলো বলছে, পুনঃ বরাদ্দের জন্য অগ্রাধিকার প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে তিনটি বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এগুলো হলো: চলতি অর্থবছরে যেসব প্রকল্প শেষ হবে, বিদেশি সহায়তাপুষ্ট ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ প্রকল্প। তবে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে চলতি অর্থবছরে যেসব প্রকল্প শেষ হবে সেগুলো। বর্তমানে এমন ৩০৫টি প্রকল্প রয়েছে উন্নয়ন কর্মসূচিতে। কিন্তু, এই ৩০৫ প্রকল্প শেষ করতে এ বছর কত টাকা লাগবে তার হিসাব পরিকল্পনা কমিশনে নেই। জানা গেছে, তাদের প্রাথমিক হিসাব হচ্ছে, সঠিকভাবে বাস্তবায়ন করা হলে বরাদ্দ করা অর্থে এ বছর ২৭২টি প্রকল্প শেষ করা সম্ভব হবে। বিদেশি সহায়তাপুষ্ট ৮৫টি প্রকল্পও অগ্রাধিকারের মধ্যে রয়েছে। কিন্তু এসব প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি অত্যন্ত নাজুক। দাতাদের অর্থ ছাড়ে বিলম্ব ও অর্থ ব্যবহারে জটিলতার কারণে বিদেশি সহায়তার অর্থ ব্যবহার করা যাচ্ছে না বলে অনেক অভিযোগ রয়েছে। গত বছরের সংশোধিত এডিপির যে পরিমাণ অর্থ খরচ করা যায়নি তার প্রায় সবটাই বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প। এ সম্পর্কে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররাফ হোসাইন ভূঞা সম্প্রতি এ প্রতিবেদককে জানান, মন্ত্রণালয়গুলোর বছরের শুরু থেকেই কোনো ক্রয় পরিকল্পনা না করায় বিদেশি সম্পদের ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। দু-একটি মন্ত্রণালয় ছাড়া কোনো মন্ত্রণালয় বা বিভাগেরই বছরের শুরু থেকে কোনো ক্রয় পরিকল্পনা নেই। এ ছাড়া বিদেশি সম্পদ ব্যবহারের সক্ষমতার অভাবও রয়েছে। তিনি আরও জানান, অর্থ ছাড়ে একতরফা দাতা দেশ বা সংস্থাকে দোষ দিয়ে লাভ নেই। অনেক সময় প্রকল্পের দলিলাদি সঠিকভাবে তৈরিও করা হয় না। দরপত্রের কাগজপত্র নির্ভুল হয় না। এসব কাগজপত্র পরীক্ষা করে তা আবারও নির্ভুলভাবে পাঠাতে সময় লেগে যায়। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘একটি দরপত্রের দলিলাদিতে কোনো ত্রুটি থাকলে তা বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করতে ছয় মাস সময় লেগে যায়। এতে বিদেশি সম্পদ ব্যবহারে কালক্ষেপণ হয়। ইচ্ছা করলেই এসব ত্রুটি দূর করা যেত।’ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে কিছু অগ্রাধিকার প্রকল্প চিহ্নিত করা হয়েছে। চলতি এডিপিতে ৫৮৯টি প্রকল্প এই পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ বলে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। তবে এই পঞ্চবার্ষিকীর মাধ্যমে মোট দেশজ উ ৎ পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্য এ বছর ঠিক করা হয়েছে, তার জন্য সরকারি বরাদ্দ দরকার ৪৬ থেকে ৪৭ হাজার কোটি টাকা। কিন্তু এ বছরের এডিপির বরাদ্দই তার চেয়ে কম। ফলে সমস্যা হলো প্রকল্প নির্বাচন। এ পরিস্থিতিতে কমিশনের কর্মকর্তারা মনে করছেন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে হয়তো শতাধিক প্রকল্পকে নামমাত্র বরাদ্দ দিয়ে কোনো রকম বাঁচিয়ে রাখা হবে। তবে কোনো কাজ হবে না।