টাকা নেই, তাই সিদ্ধান্তও হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ। কারণ, নিজস্ব তহবিলে পর্যাপ্ত টাকা নেই। এমনকি তহবিলে টাকা জমা দেওয়ার বিষয়েও বিজিএমইএর বেশির ভাগ সদস্যই অনাগ্রহ দেখাচ্ছেন।ঘটনার পর আহত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে বিজিএমইএ। তবে নিহত শ্রমিকদের পরিবার কিছু পায়নি। আর ক্ষতিপূরণ নিয়ে বিজিএমইএর এই সিদ্ধান্তহীনতার কারণে অনিশ্চয়তায় আছে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারগুলো।বেতন-ভাতা কিংবা ক্ষতিপূরণ না পেয়ে মানবেতর জীবন যাপন করছে অনেক শ্রমিকের পরিবার। এ নিয়ে আন্দোলনও হচ্ছে। গত রোববার রানা প্লাজার সামনের রাস্তা বন্ধ করে আহত-নিহত সব শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেন ভবনধসে বেঁচে ফেরা শ্রমিকেরা।বিজিএমইএ সিদ্ধান্ত নিতে না পারলেও প্রধানমন্ত্রীর তহবিল থেকে এখন পর্যন্ত ৩২৫ জন নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আজ বুধবার আরও ১২৫ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সমিতির এক কর্মকর্তা।২৪ নভেম্বর রানা প্লাজা ধসের দুই দিন পর বিজিএমইএ ও বিকেএমইএর বিশেষ সাধারণ সভায় ভবনধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। এ জন্য দুই সমিতির প্রত্যেক সদস্যকেই তহবিলে ন্যূনতম ২৫ হাজার টাকা সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই নির্দেশের পর বিজিএমইএর অল্পসংখ্যক সদস্যই ‘ডিজাস্টার রিলিফ ফান্ড’ নামের ওই তহবিলে টাকা জমা দিয়েছেন। বেশির ভাগ সদস্যই এখনো জমা দেননি। এ অবস্থায় সদস্যদের কাছ থেকে টাকা তুলতে সমিতির সাবেক সভাপতি আনিসুল হকসহ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।এখন পর্যন্ত তহবিলে কত টাকা জমা পড়েছে, সেই হিসাব জানতে চাইলে বিজিএমইএর দুই কর্মকর্তা ও এক নেতা গতকাল মঙ্গলবার বলেন, এটি গোপনীয়। জানানো যাবে না। তবে তহবিলে টাকা জমা দেওয়ার জন্য ১৫ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে বলে জানান তাঁরা। বর্তমানে বিজিএমইএর নিয়মিত সদস্যসংখ্যা তিন হাজার ২০০।বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম দাবি করেন, তাঁদের সমিতির প্রায় ৫০ শতাংশ সদস্য তহবিলে ৮৭ লাখ টাকা জমা দিয়েছেন। তিনি বলেন, ‘যেসব সদস্য টাকা জমা দেননি, তাঁদের আমরা তাগাদা দিচ্ছি।’ চলতি বছর নবায়ন করা বিকেএমইএর সদস্যসংখ্যা ৭০০ বলে জানান তিনি।এদিকে তাজরীনের পর বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠান লি অ্যান্ড ফাং প্রত্যেক নিহত শ্রমিকের জন্য এক লাখ টাকা দেয়। তবে রানা প্লাজার পর এমনটি হয়নি। লবলোজ ও প্রাইমার্ক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি।এদিকে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বিজিএমইএর কোনো ঘোষণা না দেওয়াকে অমানবিক বলে মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো দৃষ্টিভঙ্গিতেই বিজিএমইএর এই সিদ্ধান্তহীনতা গ্রহণযোগ্য নয়। এটা অত্যন্ত অমানবিক। শ্রমিকদের স্বার্থবিরোধী। একই সঙ্গে এটি কারখানার জন্যও কল্যাণকর নয়।’শ্রমিকদের ক্ষতিপূরণ কত হওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে মোশরেফা মিশু বলেন, ‘তাজরীনের পর কিছু শ্রমিককে সাত লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একজন শ্রমিকের জীবনের মূল্য কোনোভাবেই সাত লাখ টাকা হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, একজন নিহত শ্রমিকের ক্ষেত্রে তিনি যত দিন কর্মক্ষম থাকতেন, সেই হিসাব করে তাঁর ক্ষতিপূরণ নির্ধারণ করা হোক।’জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘টাকা আদায়ে আমরা চেষ্টা করছি। কেউ না দিলে সমিতির সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা আশা করছি, শিগগিরই সব সদস্য তহবিলে টাকা জমা দেবেন।’ শ্রমিকদের কত ক্ষতিপূরণ দেওয়া হবে, সে বিষয়ে ১৬ জুনের পর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন এই সহসভাপতি।বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রানা প্লাজার পাঁচ কারখানার মালিকদের কাছ থেকে আমরা কোনো টাকা পাইনি। তবে এর মধ্যে শ্রমিকদের বেতন বাবদ ছয় কোটি এবং আহতদের চিকিৎসা বাবদ পৌনে দুই কোটি টাকা দেওয়া হয়েছে।’ক্ষতিপূরণের জন্য কোনো সিদ্ধান্ত না হওয়ার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রথমে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়াকে গুরুত্ব দিয়েছি। সমিতির সদস্যরা টাকা দিলে এ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর তহবিলে জমা দেওয়া হবে।’ এখন পর্যন্ত তহবিলে প্রায় ১০ কোটি টাকা জমা পড়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। সেই হিসাবে বেতন ও চিকিৎসা খরচ বাদ দিলে বর্তমানে তহবিলে জমা আছে ২ কোটি ২৫ লাখ টাকা। রানা প্লাজা ধসে এ পর্যন্ত এক হাজার ১৩০ জন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৩৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি শ্রমিকদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা চলছে।তাজরীনের ক্ষতিপূরণ দেওয়া শেষ হয়নি: গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১২ জন পোশাকশ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এঁদের মধ্যে ৯৯ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাত লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে বাকি ১৩ জনের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা চলছে।