টাকা পাচার বন্ধে টাস্কফোর্স গঠনের সুপারিশ সিপিডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে টাকা পাচার বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সেই সঙ্গে টাকা পাচার রোধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন উল্লেখ করে প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের জন্য রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সংস্থাটির তরফ থেকে।

আজ শনিবার সিপিডি আয়োজিত এক বিশেষজ্ঞ পরামর্শক সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে এ সব সুপারিশ করা হয়। সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, ড. আকবর আলি খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।

গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি (জিএফআই) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধে বলেন, বাংলাদেশ থেকে ক্রমান্বয়ে বিদেশে অর্থ পাচার বেড়েছে। ২০১৩ সালে ৯৬৬ কোটি ডলার পাচার হয়েছে। অর্থপাচারের দিক থেকে শীর্ষ ১০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪০। গত ১০ বছরের হিসাবে প্রতিবছর গড়ে ৫৫৮ কোটি ডলার পাচার হয়েছে, যার ৮৮ শতাংশই হয়েছে আমদানি ও রপ্তানিতে মিথ্যা মূল্য ঘোষণা দিয়ে।

সিপিডি আরও বলছে, ২০১৩ সালে যে অর্থ পাচার হয়েছে, তা শিক্ষা বাজেটের ৩ দশমিক ৬ গুণ; স্বাস্থ্য বাজেটের ৮ দশমিক ২ গুণ। আর পাচার করা অর্থের যদি ২৫ শতাংশের ওপর করারোপ করা যেত, তাহলে স্বাস্থ্য বাজেট তিন গুণ আর শিক্ষা বাজেট দ্বিগুণ হতো। ওই বছর (২০১৩) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৫ শতাংশের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে।

এ ছাড়া সিপিডির মূল প্রবন্ধে টাকা পাচারের কেলেঙ্কারি ফাঁস হওয়া পানামা পেপারসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের ২৭টি ব্যাংক হিসাবের কথা ওই পেপারে রয়েছে। বিশ্বব্যাপী টাকা পাচার প্রসঙ্গটি নিয়ে বাংলাদেশের আরেকটু আগ্রহ প্রকাশ উচিত বলে মনে করে সিপিডি। টাকা পাচার রোধে মোটাদাগে চারটি সুপারিশ করেছে সিপিডি। এগুলো হলো আইনগত ও প্রাতিষ্ঠানিক দুই ধরনের সক্ষমতা বৃদ্ধি; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় রক্ষা; অন্য দেশের সঙ্গে সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা।

পরে এই প্রবন্ধের ওপর আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘পানামা পেপারসে যাঁদের নাম আছে, তাঁদের কতজনের বিরুদ্ধে অনুসন্ধান হয়েছে, তা জানি না। আমদানি-রপ্তানির সময় মিথ্যা মূল্য ঘোষণা দিয়ে টাকা পাচার রোধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে মূলধনি যন্ত্রপাতির আমদানি বেড়ে গিয়েছিল। কিন্তু তখন বিদ্যমান উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছিল না। তাহলে নতুন মূলধনি যন্ত্রপাতি কেন আমদানি হচ্ছে, এ বিষয়ে এনবিআর কোনো অনুসন্ধান করেনি।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘বাংলাদেশে অনেকে টাকা রাখতে ভয় পান। তাই বিদেশে টাকা পাচার করেন। শুধু করের হার কমালেই টাকা পাচার বন্ধ হবে না।’ টাকা পাচার বন্ধে একটি স্থায়ী আইনি কাঠামো তৈরির সুপারিশ করেন তিনি। তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক কিংবা এনবিআর একা টাকা পাচার বন্ধ করতে পারবে না। এ জন্য একটি স্বতন্ত্র অফিস তৈরি করা উচিত, গুরুতর অপরাধ দমন অফিসের মতো। এটা হওয়া উচিত অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে। এ অফিসে পুলিশ, অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিকেরা থাকতে পারেন।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘বিনিয়োগের সুযোগের অপ্রতুলতার কারণেই মূলত টাকা পাচার হয়, এতে কোনো সন্দেহ নেই। বিনিয়োগবান্ধব পরিবেশ থাকলে এত টাকা পাচার হতো না।’ তাঁর মতে, রাজনৈতিক অস্বস্তির কারণেও টাকা পাচার হয়। নির্বাচনের বছর ২০০৮ সালে যে টাকা পাচার হয়েছে, তা আগের বছরের চেয়ে ৬০ শতাংশ বেশি। আর ২০১৩ সালে যে অর্থ পাচার হয়েছে, তা আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি। নির্বাচন এলেই টাকা পাচার হয়। এ জন্য রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বিনিয়োগ নিঃস্ব একটি দেশ এখন ক্রমান্বয়ে পুঁজি রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। এর মতো বৈপরীত্য আর কিছু দেখি না। যে দেশে বিনিয়োগের জন্য পুঁজি আসছে না, সেই দেশ থেকে পুঁজি পাচার হয়ে যাচ্ছে।’