টাকা পাচার রোধে এনবিআরে জনবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকি রোধে আগামী অর্থবছরে বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর প্রশাসনে তিনটি বড় সংস্কার আনা হচ্ছে। উৎস কর ইউনিট স্থাপন; আধুনিক ও প্রযুক্তিমুখী কর তথ্য ইউনিট গঠন এবং অর্থ পাচার রোধে প্রশাসনিক কাঠামো সৃজন করা হবে। বাজেটে এসব সংস্কারের কথা বলা হয়েছে।

আগামী অর্থবছরে একটি আধুনিক ও প্রযুক্তিমুখী কর তথ্য ইউনিট গঠন করবে এনবিআর, যা সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তসংযুক্ত থাকবে। এতে কর তথ্য সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আদান-প্রদান করা যাবে। এর ফলে কর ফাঁকি উদ্‌ঘাটন ও করদাতা চিহ্নিতকরণ কাজ করবে।

এ ছাড়া টাকা পাচার রোধে একটি প্রশিক্ষিত কর্মী দল গঠন করবে এনবিআর। এ জন্য কর ব্যবস্থাপনা একটি উপযুক্ত প্রশাসনিক কাঠামো সৃজনের ঘোষণা দেওয়া হয়েছে। দলটি আন্তর্জাতিক কর ফাঁকি রোধ এবং বিদেশে পাচার করা টাকা এবং এর ওপর কর পুনরুদ্ধারে কাজ করবে।

তৃতীয় উদ্যোগটি হলো কেন্দ্রীয় উৎস কর ইউনিট গঠন। বছরজুড়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে যে উৎসে কর কাটা হয়, এর ব্যবস্থাপনা উন্নয়নের জন্য একটি কেন্দ্রীয় উৎস কর ইউনিট প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ইলেকট্রনিক উৎস করের ব্যবস্থাও চালু করা হবে। কেন্দ্রীয় উৎস কর ইউনিটের আওতায় সারা দেশেই উৎস কর পর্যবেক্ষণ অঞ্চল গঠন করা হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, এনবিআর এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। আগামী বছরের মধ্যেই এই ইউনিটগুলো কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

১০৩ উপজেলায় কর কার্যালয়

আরও ১০৩টি উপজেলায় কর কার্যালয় স্থাপন করা হবে। বাজেটে এই ঘোষণা দেওয়া হয়েছে। মূলত করের ভিত্তি সম্প্রসারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে অনেক গ্রোথ সেন্টার আছে, যেখানে বহু মানুষের আয় করযোগ্য। তাই এসব করযোগ্য মানুষকে করজালে আনতেই এনবিআর এই উদ্যোগ নিয়েছে। বর্তমানে ৮৭টি উপজেলায় কর অফিস আছে। এ ছাড়া আরও দুটি নতুন কর অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। জেলা দুটি হলো যশোর ও কুষ্টিয়া। বর্তমানে কর অঞ্চল ও সমমর্যাদার ৪০টি কমিশনারেট আছে।