টাকা পাচারের তদন্ত নিয়ে এনবিআরে জটিলতা
টাকা পাচারের তদন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোন বিভাগ করবে—এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এত দিন শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং আয়কর বিভাগের কোনো করদাতা টাকা পাচার করলে সংশ্লিষ্ট বিভাগই তদন্ত করত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এমন বিধানই আছে।
কিন্তু সম্প্রতি এনবিআর নতুন আদেশ জারি করেছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) তদন্তকারী সংস্থার দায়িত্ব পালন করবে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এনবিআরের আদেশ জারির পর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরসহ বিভিন্ন মাঠ পর্যায়ের কার্যালয় এর আপত্তি করে।
তদন্তকারী সংস্থা নিয়োগের এই জটিলতা নিরসনে এনবিআরের সদস্য এস এম আশফাক হুসেনের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন দেবে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে এনবিআরের বোর্ড।
এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তদন্তকারী সংস্থা হিসেবে সিআইসির দায়িত্ব পালন করার কোনো আইনগত ভিত্তি নেই। এতে আইনটি সঠিকভাবে প্রতিপালন করা সম্ভব হয় না। আর যে বিভাগের করদাতার বিরুদ্ধে অভিযোগ উঠবে, সেই বিভাগের কর্মকর্তারাই ওই করদাতার কর নথি সম্পর্কে বেশি জানেন। তাই টাকা পাচার অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব দেওয়া উচিত।
সম্প্রতি এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান এক অনুষ্ঠানে বলেছেন, বাণিজ্যের আড়ালে এ দেশে ৮০ ভাগের বেশি অর্থ পাচার হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি প্রতিষ্ঠান বিদেশে পণ্য রপ্তানি করেছে। কিন্তু এক টাকাও দেশে আসেনি। বাণিজ্যের আড়ালে অর্থ পাচার হচ্ছে।