টাকা পাচারের স্বর্গ হংকং সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ড, হংকং, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর—এ চারটি দেশ বিশ্বের অন্যতম উন্নত দেশ। কিন্তু এ দেশগুলোর বদনাম আছে। কালোটাকা রাখার স্বর্গ এই দেশগুলো। এসব দেশে কেউ কালোটাকা রাখলে এর খবর কাউকে জানায় না এসব দেশ। এ দেশগুলো বিশ্বের শীর্ষ চার ‘করের স্বর্গ’ হিসেবে পরিচিত।

২০১৫ সালের বিশ্ব আর্থিক গোপনীয়তার সূচকে এ চিত্র উঠে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক (টিজেএন) গ্লোবাল সিক্রেসি ইনডেক্স নামের এ সূচকটি প্রকাশ করেছে।

সূচকে শীর্ষ স্থান দখল করে আছে সুইজারল্যান্ড। এর মানে হলো, সুইজারল্যান্ড হলো অবৈধ উপায়ে উপার্জিত অর্থ রাখার সবচেয়ে সুবিধাজনক দেশ। এরপরের স্থানে হংকং। আর তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, চতুর্থ স্থানে সিঙ্গাপুর।

৯২টি দেশের ওপর এ প্রতিবেদন প্রকাশ করা হয়। আর দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে এ সূচকে দেশগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। একটি দেশ তাদের দেশের রক্ষিত অর্থ ও সম্পদ কীভাবে আইন, বিধিমালা সুরক্ষা দেয়। আবার সেই দেশটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে কতটা সম্পৃক্ত, দেশটি কতটা আর্থিক সেবা দেয়—সেটাও আরেকটি বিবেচ্য বিষয়।

এ দুটি বিষয়কে বিবেচনায় রেখে বিশ্ব আর্থিক সূচকের প্রতিবেদনে সুইজারল্যান্ডকে করের স্বর্গের ‘গ্র্যান্ডফাদার’ হিসেবে মন্তব্য করা হয়েছে। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে সাড়ে ছয় ট্রিলিয়ন ডলারের পরিমাণ সম্পদ রয়েছে। ৫১ শতাংশই এসেছে অন্য দেশ থেকে। আর সূচকে থাকা দেশগুলোর মধ্যে পারস্পরিক যত আর্থিক লেনদেন বা সেবা দেওয়া হয়, তার ৫ শতাংশের বেশি সুইজারল্যান্ডের সঙ্গে হয়। এ দেশে যেমন অর্থ পাঠানো হয় বেশি, আবার সেই অর্থ সুরক্ষিতও থাকে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হংকংকে বলা হয় বিশ্বের দ্রুত বর্ধনশীল করের স্বর্গ। দেশটির ব্যাংকিং ব্যবস্থাপনায় ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ নগদ অর্থ বা সম্পদ রয়েছে। আর সূচকভুক্ত দেশগুলোর মধ্যে আর্থিক লেনদেন বা সেবার ৪ শতাংশই হয় হংকংয়ের সঙ্গে।

আর যুক্তরাষ্ট্র হলো আরেকটি কর স্বর্গ। যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংকে একজন বিদেশি টাকা রাখলে এর মুনাফার ওপর কর দিতে হয় না। বিশ্ব আর্থিক গোপনীয়তার সূচকে বলা হয়েছে, এটাই মূলত পাচার করে আনা অর্থের মালিককে উৎসাহিত করে। এ ছাড়া শিল্পোন্নত দেশগুলোর সংগঠন ওসিইডির দেশগুলো পারস্পরিক আর্থিক লেনদেনের তথ্য-উপাত্ত বিনিময়ের চুক্তি রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এ চুক্তিতে সই করেনি। এটা টাকা পাচার হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার অন্যতম প্রধান কারণ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে সারা বিশ্বে ২১ থেকে ৩২ ট্রিলিয়ন ডলার রয়েছে, এ অর্থের ওপর কর দেওয়া হয়নি কিংবা স্বল্প কর দেওয়া হয়েছে। এ বিপুল অর্থই কালোটাকা। এর মধ্যে প্রতিবছর গড়ে ১ থেকে ১ দশমিক ৬ ট্রিলিয়ন টাকা এক দেশ থেকে অন্য দেশে পাচার হয়।