সুদসহ ১৪৭ কোটি টাকা কোম্পানির তহবিলে ফেরত দিতে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানিকে চূড়ান্ত নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ গতকাল সোমবার পপুলার লাইফের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালককে চিঠি দিয়ে তা জানিয়ে দিয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে সব টাকা কোম্পানির তহবিলে জমা দিয়ে আইডিআরএকে জানাতে বলা হয়েছে। আইডিআরএ তদন্ত করে দেখেছে, কোম্পানির জন্য জমি কেনার নাম করে পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলীর নেতৃত্বে ১১৮ কোটি টাকা কোম্পানি থেকে বের করে নিয়ে মূলত পরিচালকেরা আত্মসাৎ করেছেন। অথচ জীবন বিমা খাতের সব কোম্পানির মতো পপুলার লাইফের এ অর্থের ৯০ শতাংশেরই মালিক সাধারণ বিমা গ্রাহকেরা।আইডিআরএর পাশাপাশি আইন মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে তদন্ত করে ২০১১ সালে। দুই তদন্তেই জালিয়াতির বিষয়টি চিহ্নিত হয়েছে। চূড়ান্ত নির্দেশ দেওয়ার আগে গত ৭ মার্চ, ১২ আগস্ট ও ১২ সেপ্টেম্বর পপুলার কর্তৃপক্ষকে একই তাগিদ দিয়ে নোটিশ দেয় আইডিআরএ। কিন্তু পপুলার লাইফ কোনোটিই আমলে নেয়নি।আইডিআরএর গতকালের চিঠিতে বলা হয়, পপুলার লাইফকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ দেওয়া হলেও কোম্পানিটি তা গ্রহণ করেনি, গ্রহণ করতে সচেষ্ট রয়েছে বলেও জানায়নি।কথিত জমি কেনার দিন থেকে ১১৮ কোটি টাকার ১২ শতাংশ সুদসহ ১৪৭ কোটি টাকা কোম্পানির তহবিলে জমা দিয়ে পপুলার লাইফকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছে আইডিআরএ। চিঠিতে বলা হয়, ‘ব্যর্থতায় কর্তৃপক্ষ আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।’