টাকা ফেরতে আরও ৫ বছর পেল আইসিবি ইসলামিক ব্যাংক
বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে আইসিবি ইসলামিক ব্যাংককে ২০২১ সাল পর্যন্ত সময় দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ বৃহস্পতিবার দি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড (পুনর্গঠন) স্কিম, ২০০৭ সংশোধন করে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, বাংলাদেশ ব্যাংকের সুপারিশে এবং আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে আদেশটি জারি করা হয়। আদেশের অনুলিপি আজই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অনিয়ম-দুর্নীতির কারণে গত বিএনপি-জামায়াত জোট সরকার আমলের শেষ দিকে বড় ধরনের সংকটে পড়ে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক পরে এতে প্রশাসক বসায়। কিন্তু তারল্য-সংকটের কারণে ওই সময় ব্যাংকটি থেকে টাকা তুলতে পারছিলেন না আমানতকারীরা।
সরকার এরপর আমানতকারীদের অর্থ ফেরত দিতে সাড়ে ছয় বছর সময় দিয়ে ২০০৭ সালে একটি স্কিম বা কর্মসূচি চালু করে। এরপর ব্যাংকটির বেশির ভাগ শেয়ার বিক্রির জন্য নিলাম ডাকা হলে তা কিনে নেয় সুইজারল্যান্ডভিত্তিক আইসিবি ফাইন্যান্সিয়াল গ্রুপ এজি। ২০০৮ সালে ওরিয়েন্টাল ব্যাংকের সব সম্পত্তি ও দায় মাথায় নিয়ে আইসিবি ইসলামিক ব্যাংক নামে যাত্রা শুরু করে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গতকালের দ্বিতীয় দফা সংশোধনী আদেশের পর ব্যাংকটি আমানতকারীদের টাকা পরিশোধের সময় পেল অতিরিক্ত তিন বছর। টাকা পরিশোধে আগেও সাড়ে তিন বছর বাড়িয়ে ২০১৮ সালের ৪ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ব্যাংকটিকে।
পাঁচ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত টাকা কোনো আমানতকারী কত দিনের মধ্যে টাকা ফেরত পাবেন—আগের সংশোধন আদেশে তা উল্লেখ করা হয়েছিল। গতকালের আদেশে ২০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পরিশোধের সময়সীমা দেওয়া হয়।