টাকা ফেরতে সাড়ে তিন বছর সময় পেল আইসিবি ইসলামিক ব্যাংক
বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে আরও সাড়ে তিন বছর সময় পেল আইসিবি ইসলামিক ব্যাংক।
সময় বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল সোমবার দি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড (পুনর্গঠন) স্কিম, ২০০৭ সংশোধন করে একটি আদেশ জারি করেছে। আদেশের অনুলিপি গতকালই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছে পাঠানো হয়েছে।
অনিয়ম-দুর্নীতির কারণে গত বিএনপি-জামায়াত জোট সরকার আমলের শেষ দিকে সংকটে পড়ে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক পরে এতে প্রশাসক বসায়। ব্যাংকটি থেকে আমানতকারীরা তখন টাকা তুলতে গেলে তারল্যসংকটে পড়ে এই ব্যাংক। এরপর আমানতকারীদের অর্থ ফেরত দিতে সাড়ে ছয় বছর সময় দিয়ে ২০০৭ সালে একটি স্কিম বা কর্মসূচি চালু করা হয়। ব্যাংকটি এরপর নতুন নাম ধারণ করে, যার নাম আইসিবি ইসলামিক ব্যাংক। বর্তমানেও এই নামে পরিচিত। ওরিয়েন্টাল ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে এই ব্যাংক।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গতকালের আদেশে বলা হয়, ‘আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক অবস্থা বিবেচনায় আমানতকারীদের পরিশোধিতব্য অর্থ প্রদানের সময়সীমা বাড়িয়ে ১০ বছর করা হলো।’
সে হিসাবে ব্যাংকটি আমানতকারীদের টাকা পরিশোধের সময় পেল ২০১৮ সালের ৪ মে পর্যন্ত। পাঁচ লাখ থেকে এক কোটি পর্যন্ত টাকা কোন আমানতকারী কত দিনের মধ্যে পাবেন, তা উল্লেখ করা হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে।