টাকা রাখতে এখনো ব্যাংকই ভরসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কয়েক বছর ধরে ব্যাংকিং খাতে বড় বড় জালিয়াতির ঘটনা ঘটেছে। শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। আবার কমেছে সুদের হার। তারপরও ব্যাংকিং খাতের প্রতি গ্রাহকদের আস্থা কমেনি; বরং বেড়েছে। গ্রাহকেরা এখন আগের চেয়ে বেশি টাকা ব্যাংকে রাখেন; ব্যাংক থেকে টাকা ধারও নেন বেশি। সরকারি ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আগ্রহ আরও একটু বেশি।
পাঁচ বছর আগে যেখানে একজন গ্রাহক গড়ে ৩৩ হাজার টাকা রাখতেন, সেখানে এখন রাখেন প্রায় ৫০ হাজার টাকা। অন্যদিকে একই সময়ের ব্যবধানে গ্রাহকপ্রতি গড় ঋণের পরিমাণ ৮ হাজার টাকা বেড়েছে। সরকারি ও বেসরকারি উভয় ধরনের ব্যাংকের শাখা বেড়েছে, লোকবল বেড়েছে, সার্বিকভাবে কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে। মানুষ আগের চেয়ে বেশি ব্যাংকিং সেবা পাচ্ছেন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় ‘ব্যাংকিং এটলাস’ শীর্ষক এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে ব্যাংকিং খাতে ২০১০ ও ২০১৫ সালের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
একটি উপজেলায় গড়ে ব্যাংকের কয়টা শাখা, প্রতি বর্গকিলোমিটারে শাখা, প্রতি এক লাখ জনগোষ্ঠীর জন্য কয়টা শাখা, গ্রাহকপ্রতি আমানত ও ঋণের পরিমাণ—এসব চিত্র উঠে এসেছে। একটি উপজেলায় অবস্থিত ব্যাংকগুলোর শাখায় যত আমানত ও ঋণ আছে, তা ওই উপজেলার সব ব্যাংক গ্রাহককে ভাগ করে দিয়ে গড় ঋণ ও আমানতের পরিমাণ গণনা করা হয়েছে। মোট আমানত ও ঋণের পরিমাণ বেড়ে গেলে গড় হিসাবপ্রতি আমানত ও ঋণও বেড়ে যায়। এভাবে হিসাব করা সব সূচকেই আগের চেয়ে উন্নতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অর্থনীতি বড় হয়েছে, মানুষের আয়ও বেড়েছে। তাঁরা কোথাও না কোথাও টাকা রাখবেন; তাই তাঁরা ব্যাংকে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সরকারি ব্যাংকে টাকা রাখার প্রবণতা বেশি। কারণ, গ্রামের মানুষ মনে করেন, এটি সরকারের ব্যাংক। এ ছাড়া তাঁরা সরকারি ব্যাংকের জালিয়াতির ঘটনাগুলো সম্পর্কে এত বেশি জানেনও না। যাঁরা এই জালিয়াতিগুলো সম্পর্কে জানেন, তাঁরা হয়তো বেসরকারি ব্যাংকে টাকা সরিয়ে নিয়েছেন।’
আমানত ও ঋণ
প্রতিবেদন অনুযায়ী, সরকারি ব্যাংকের একজন গ্রাহক তাঁর হিসাবে গড়ে ৪২ হাজার টাকার বেশি রাখেন। ২০১০ সালে প্রায় ২৫ হাজার টাকা রাখতেন। পাঁচ বছরে প্রতি হিসাবে আমানত বেড়েছে গড়ে ১৭ হাজার টাকা। সরকারি ব্যাংকে গ্রাহকের টাকা রাখার পরিমাণ ৬০ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকে গ্রাহকপ্রতি আমানত রাখার পরিমাণ ৪০ হাজার থেকে বেড়ে ৬০ হাজার টাকা হয়েছে। পাঁচ বছরের ব্যবধানে তা বেড়েছে ৫০ শতাংশ।
অন্যদিকে ঋণ দেওয়ায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে প্রতিবেদনে দেখানো হয়েছে। গ্রাহকপ্রতি গড় ঋণ এখন ২৫ হাজার টাকা। সরকারি ও বেসরকারি ব্যাংকে ৫০ শতাংশ করে ঋণ দেওয়ার পরিমাণ বেড়েছে।
প্রতিবেদনে উপজেলা পর্যায়ে ব্যাংকিং খাতের কার্যক্রমের একটি চিত্র তুলে ধরা হয়েছে। ২০১৫ সালের হিসাবে, একটি উপজেলায় গড়ে ১৬ দশমিক ৮০টি ব্যাংক শাখা আছে। ২০১০ সালে ছিল ১৪ দশমিক ২১টি। আশার কথা হলো, সরকারি ব্যাংকের চেয়ে বেসরকারি ব্যাংকের শাখা বাড়ানোর প্রবণতা বেশি। প্রতি উপজেলায় তাদের এখন গড়ে ৭ দশমিক ৪৯টি শাখা আছে; পাঁচ বছর আগে ছিল ৫ দশমিক ৩৮টি শাখা। অন্যদিকে সরকারি ব্যাংকের শাখা আছে প্রতি উপজেলায় গড়ে ৯ দশমিক ৩২টি; পাঁচ বছর আগে ছিল ৮ দশমিক ৮৩টি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের অন্য এলাকার চেয়ে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে ব্যাংক হিসাব খোলার প্রবণতা তুলনামূলক বেশি। আবার দেশে এমন কিছু অঞ্চল আছে যেখানে দ্রুত ব্যাংকের শাখা বাড়ছে। যেমন দিনাজপুর, রংপুর, বগুড়া ও যশোর।
সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদের মতে, ব্যাংকের শাখা, আমানত ও ঋণ কার্যক্রম বাড়লেও গ্রাহকসেবা বাড়েনি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এখনো ব্যাংক থেকে সহজে ঋণ পান না। একটি ব্যাংকের শাখা থেকে একটি বড় প্রতিষ্ঠানকে বিশাল অঙ্কের ঋণ দিলেই ব্যাংক হিসাবপ্রতি গড় ঋণের পরিমাণ বেড়ে যায়। তাই ব্যাংকিং খাতে যে গড় হিসাব করা হয়, তাতে শুভংকরের ফাঁকি আছে।
এই প্রতিবেদন তৈরির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক কাজী ইকবাল। তিনি প্রথম আলোকে বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতি বেশ ভালো করেছে। তৃণমূল পর্যায়ের মানুষ অর্থনীতির সুফল পেয়েছে। তাই তাদের কাছে নগদ অর্থ গেছে। ব্যাংকিং খাতেরও সম্প্রসারণ হয়েছে। এই প্রতিবেদনে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র উঠে এসেছে।