টাকা স্থানান্তরে এমআইসিআর চেক লাগবে
আগামী ১ এপ্রিল থেকে সাধারণ চেক দিয়ে আর ঢাকা নিকাশ ঘরের (ক্লিয়ারিং হাউস) মাধ্যমে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে স্থানান্তর করা যাবে না। বিশেষ ধরনের কালিতে তৈরি বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টর রিকগনিশন (এমআইসিআর) চেকই কেবল বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশ ঘর গ্রহণ করবে। স্বয়ংক্রিয় নিকাশ কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত গত বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক সার্কুলারে নির্দেশ আকারে জানিয়েও দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে জারি করা এই সার্কুলারে জানানো হয়, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস বাস্তবায়নের জন্য প্রতিটি ব্যাংক ইতিমধ্যে এমআইসিআর যুক্ত চেক বিতরণ শুরু করেছে। কিন্তু তারপরও ঢাকা ক্লিয়ারিং হাউসে উপস্থাপিত চেকের পরিসংখ্যান থেকে দেখা গেছে, এমআইসিআরযুক্ত চেকের সংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি। স্বয়ংক্রিয় নিকাশব্যবস্থা প্রবর্তনে সব চেক বা ইনস্ট্রুমেন্ট এমআইসিআর যুক্ত হওয়া আবশ্যক। এ পরিস্থিতিতে ঢাকা নিকাশ ঘরের অন্তর্ভুক্ত ব্যাংক শাখাগুলোকে তাদের সব গ্রাহকের এমআইসিআর যুক্ত চেক ইস্যু করতে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।