টাকার অবমূল্যায়ন দরকার

বেশ কয়েক বছর ধরেই মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল অবস্থায় আছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশের মুদ্রার বিপরীতেও টাকার অবস্থান বেশ ভালো। যুক্তরাজ্যভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) মনে করে, ডলারসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকা এখন অতিমূল্যায়িত অবস্থানে রয়েছে। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে টাকার বিনিময় মূল্য এখন কিছুটা কমানো দরকার।
বাংলাদেশের আর্থিক খাত ও মুদ্রানীতি সম্পর্কে এমন মূল্যায়নই তুলে ধরেছেন এসসিবির বৈশ্বিক গবেষণা বিভাগের প্রধান ডেভ মারে। ব্যবসা আছে এমন দেশের অর্থনীতি নিয়ে প্রতিবছরের শুরুতে এসসিবি একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে ব্যাংকটির মূল্যায়ন তুলে ধরতে সম্প্রতি ডেভিড মারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসে। এই দলে ছিলেন এসসিবির এশিয়া অঞ্চলের গবেষক দিব্য দেবেশ, সৌরভ আনন্দ ও যুক্তরাষ্ট্রভিত্তিক থমাস কসটার্গ।
টাকার অতিমূল্যায়নের বিষয়ে দিব্য দেবেশ বলেন, গত কয়েক বছরে ডলারের বিপরীতে এশিয়ার সব প্রধান মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। কিন্তু এ সময়ে টাকা স্থিতিশীল ছিল। ফলে বাংলাদেশি টাকা এখন অতিমূল্যায়িত অবস্থায় রয়েছে।
মুদ্রার বিনিময় হার দীর্ঘ সময় অতিমূল্যায়িত থাকার ঝুঁকি তুলে ধরে ডেভ মারে বলেন, রপ্তানি কমে যাওয়া অথবা চলতি হিসাবে পরিবর্তনের মতো বিষয়গুলো হয়তো স্বল্প সময়ের জন্য তেমন সমস্যা নয়; কিন্তু দীর্ঘ মেয়াদে এমন অবস্থা রপ্তানি ও চলতি হিসাবে বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের রিজার্ভ এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হলেও টাকার কিছুটা অবমূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবং প্রবাসী আয়ের নেতিবাচক প্রবৃদ্ধি ঠেকাতেও টাকার মূল্যমান কমানো জরুরি।
এসসিবির হিসাবে চলতি বছরে ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য ৮০ টাকার ঘরেই থাকবে। ২০১৮ সালে তা কিছুটা বেড়ে ৮৩ টাকা হতে পারে।
বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসা করার প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেন ডেভ মারে। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়াগুলো বেশ কঠিন। যথেষ্ট সংখ্যক মানুষ এখানে কর দেন না। বিনিয়োগ বৃদ্ধির জন্য আরও বেশি সংখ্যক মানুষকে কর জালের আওতায় আনতে হবে।
কর ফাঁকি ঠেকাতে ভারতে সম্প্রতি ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল উদ্যোগকে সমর্থন করে ডেভ মারে বলেন, এর ফলে সাময়িক কিছু অসুবিধা হয়েছে, কিন্তু দীর্ঘ মেয়াদের জন্য ভালো হয়েছে। তবে নোট বাতিলের মতো উদ্যোগ বাংলাদেশের জন্য ফলপ্রসূ হবে না বলে মনে করেন সৌরভ আনন্দ।
এসসিবির গবেষক দলের মতে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক বাড়ানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, এর ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত সংকটে পড়বে না। এর কারণ ব্যাখ্যা করে থমাস কসটার্গ বলেন, অটোমোবাইল, ইস্পাত, ভারী যন্ত্রপাতির মতো যেসব পণ্য উৎপাদনের কারখানা যুক্তরাষ্ট্রেই আছে, সেগুলোর আমদানিতে শুল্ক বাড়বে। যুক্তরাষ্ট্রে পোশাক উৎপাদনের কারখানা এখন আর নেই। তাই এ পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনা কম।