টাকার ওপর লেখালেখি বন্ধ করতে অনুরোধ বাংলাদেশ ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রচলিত বিভিন্ন মূল্যমানের নোটের ওপর মোবাইল নম্বরসহ বিভিন্ন ধরনের লেখালেখি বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক অনুরোধ করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সম্প্রতি বাজার থেকে ঘুরে যেসব নোট বাংলাদেশ ব্যাংকের কাছে আসছে, তাতে মোবাইল নম্বরসহ বিভিন্ন ধরনের লেখালেখি পাওয়া যাচ্ছে। নোটের গায়ে লেখার অভ্যাস অনেক আগেও ছিল, কিন্তু সম্প্রতি এর বিস্তার ঘটেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, টাকায় লেখালেখির ফলে জলছাপ, অন্ধদের জন্য বিন্দু, লুকানো মুদ্রণ, ইরিডিসেন্ট স্ট্রাইপ, অসমতল ছাপা, রং পরিবর্তনশীল ছাপা, নিরাপত্তা সুতা, উভয় দিক হতে দৃশ্যমান ছাপা, মাইক্রোপ্রিন্ট ইত্যাদি নিরাপত্তা বৈশিষ্ট্য বিকৃত হয়। এর ফলে নোটটি জাল না আসল, তা নির্ণয় করা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি এর স্থায়িত্বও হ্রাস পায়। এতে নোটের বিনিময়মূল্য পাওয়ার বিষয়টি নোটধারীর জন্য অনিশ্চিত হয়ে পড়ে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, যেহেতু এ ধরনের কার্যকলাপ নোটের সৌন্দর্যহানি ঘটায়, এর স্থায়িত্ব কমায়, নোটধারীকে আর্থিক ক্ষতির সম্মুখীন করে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, সেহেতু এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।