টাকার বিনিময়ে সাংসদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থের লেনদেন হয় বলে অভিযোগ আছে। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশ ভারতেও এ রকম অভিযোগ পাওয়া গেছে।গত মার্চে রাজ্যসভা (ভারতীয় সংসদের উচ্চকক্ষ) নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কারও কারও বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থের লেনদেনের অভিযোগ ওঠে। আর দেশটির নির্বাচন কমিশন অভিযোগ ওঠা প্রার্থীকে নির্বাচনের সব রকম কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়।রাজ্যসভায় নির্বাচিত হওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো ঝাড়খণ্ড। কেননা, এই রাজ্য থেকে রাজ্যসভার সদস্য হওয়া সবচেয়ে সহজ। সবচেয়ে বড় কথা রাজ্যসভার সাংসদ হতে সরাসরি জনগণের ভোটের প্রয়োজন হয় না। পরোক্ষ ভোটে অর্থাত্ হাতে গোনা কয়েকজন এমএলএর ভোটে তাঁরা নির্বাচিত হন। ফলে কোনো দল বা বেশ কয়েকজন বিধায়ককে যেকোনোভাবে ম্যানেজ করতে পারলেই সহজেই যে কারও পক্ষে রাজ্যসভায় সাংসদ হওয়া সহজ কাজ। আর টাকা থাকলে তো কথাই নেই। বর্তমানে রাজ্যসভায় ঝাড়খণ্ডের চারজন প্রতিনিধি আছেন। এর মধ্যে দুজনই ধনাঢ্য ব্যবসায়ী। তাঁরা হলেন রিলায়েন্স গ্রুপের সাবেক সভাপতি পরিমল নাথোয়ানি এবং আলকেমিস্ট গ্রুপের প্রধান কানোয়ার দীপ সিং।ব্যবসায়ীদের মধ্যে রাজ্যসভার সদস্য হওয়ার প্রবণতা শুরু হয় ২০০৮ সালে। সে বছর আহমেদাবাদের বাসিন্দা পরিমল নাথোয়ানি ঝাড়খণ্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। কারণ তিনি ঝাড়খণ্ডের তত্কালীন ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) সমর্থন পেয়েছিলেন। দলটির ১৭ জন বিধায়ক (এমএলএ) সদস্যের মাত্র নয়জন তাঁদের দলীয় প্রার্থী কিশোর লালকে ভোট দেন। বাকিরা নাথোয়ানিকে সমর্থন দেন। এ থেকে বোঝা যায়, জেএমএমের বিধায়কেরা দলীয় প্রার্থীর পরিবর্তে অন্যকে ভোট দিয়েছিলেন। আর নাথোয়ানির ব্যবসায়ী পরিচয় থেকে স্পষ্ট যে এর পেছনে কারণটা কী ছিল।আলকেমিস্ট গ্রুপের প্রধান কানোয়ার দীপ সিংকে মনোনয়ন দেয় জেএমএম। ৩২ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী অজয় মারু পান ১৭ ভোট। একেবারে শেষ মুহূর্তে লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) পাঁচ বিধায়কও ভোট দেন চণ্ডীগড়ের ব্যবসায়ী কানোয়ারকে। পরে সেই কানোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এখন তাঁর পরিচয় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। অথচ ঝাড়খণ্ডে তৃণমূলের কোনো বিধায়কই নেই।রাজকুমার আগরওয়াল নামে আরেকজন স্বতন্ত্র প্রার্থী ২০১২ সালের রাজ্যসভা নির্বাচনে ঝাড়খণ্ড থেকে হয়তো জয়ী হতে যাচ্ছিলেন। তিনিও রাজ্যের খ্যাতিমান ব্যবসায়ীদের অন্যতম। ঝাড়খণ্ডের বহু রাজনীতিবিদের সঙ্গে নামকরা এই ব্যবসায়ীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু নির্বাচনের আগে অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠে আগরওয়ালের বিরুদ্ধে। ভোটাভুটির মাত্র আড়াই ঘণ্টা আগে আয়কর বিভাগের কর্মকর্তারা প্রায় আড়াই কোটি রুপিসহ একটি গাড়ি আটক করেন। এটা আগরওয়ালের বলে অভিযোগ ওঠে। এই ব্যবসায়ী নগদ অর্থের বিনিময়ে নির্বাচনে জেতার অভিপ্রায় অস্বীকার করেন। কিন্তু ভোটের পর গোটা নির্বাচনী প্রক্রিয়া বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরও তা বাতিল করা রাজ্যসভা নির্বাচনে এটাই প্রথম ঘটনা।এবারের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা এবং জেএমএমের প্রার্থীরা মাঠে নামেন। তাঁদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আগরওয়াল ও কলকাতা-ভিত্তিক নির্মাণশিল্প ব্যবসায়ী পবন কুমার ধুত। ব্যবসায়ীদের দাবি, তাঁরা দেশের সেবা করবেন। কিন্তু অনেকেই বিশ্বাস করেন, ক্ষমতার মোহে তাঁরা ছোট এই রাজ্য থেকে নির্বাচনে অংশ নেন। আর বিবেক-বর্জিত বিধায়কেরা তাঁদের জয় নিশ্চিত করেন। ইন্ডিয়া টুডে অবলম্বনে